মালদ্বীপকে ৫ গোলে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫-১ গোলের উড়ন্ত সূচনার পর দ্বিতীয় ম্যাচেও জয় পেয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশের যুবারা।

কলম্বোতে সাফের টুর্নামেন্টটা বেশ উপভোগই করছে পল স্মলির শিষ্যরা। টানা দুই ম্যাচে জয় পেয়ে সেমিফাইনালে ওঠা ইমরান মুর্শেদরা এখন ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালে খেলতে উন্মুখ হয়ে আছে। আগামী ১২ সেপ্টেম্বর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপ ‘বি’র সম্ভাব্য রানার্সআপ নেপাল।

গ্রুপের দ্বিতীয় ম্যাচে আজ মালদ্বীপের বিপক্ষে হ্যাটট্রিক করেছে মিরাজুল ইসলাম। এই নিয়ে দ্বীপ দেশটির বিরুদ্ধে দুইটি আলাদা টুর্নামেন্টে দুইটি হ্যাটট্রিক পেয়ে গেলেন মিরাজুল। এর আগে গত ২৯ জুলাই ভারতের মাটিতে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ৪-০ গোলে জয়ে হ্যাটট্রিক করেছিল মিরাজুল। অনূর্ধ্ব-২০ থেকে অনূর্ধ্ব ১৭, বয়সভিত্তিক পর্যায়ে মিরাজুল যেন ইতিহাসই তৈরি করে ফেললেন। 

আজ মালদ্বীপের বিপক্ষে ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। বাঁ-প্রান্ত মিরাজের কাটব্যাকে থেকে পাওয়া বলে মালদ্বীপের গোলরক্ষককে ফাকি দিয়ে সহজেই বল বাংলাদেশের গোল উৎসবের সূচনা করেন ফরোয়ার্ড নাজমুল ফয়সাল।

প্রথমার্ধ্বের বাকিটা সময় মালদ্বীপ রক্ষণে ভীতি ছড়ালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলো না বাংলাদেশ। অবশেষে প্রথমার্ধ্বের শেষের দিকে এসে দলের হয়ে দ্বিতীয় গোল এন দেন মুর্শেদ আলী।

মিরাজুলের হ্যাটট্রিকের সবগুলো গোলই এসেছে দ্বিতীয়ার্ধ্বে। এই অর্ধ্বে ম্যাচের পুরো আলোটাই যেন নিজের দিকে টেনে নেন মিরাজুল। ম্যাচের ৭৫ মিনিটে প্রথম গোলের দেখা পান এই ফরোয়ার্ড। মিনিট তিনেক না যেতেই আবারও লাল-সবুজের জার্সিধারীরা মেতে ওঠে মিরাজুলের দ্বিতীয় আর দলের চতুর্থ গোলের উল্লাসে। 

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আবারও মালদ্বীপের জাল খুঁজে পায় মিরাজুল। নিজের হ্যাটট্রিকের সঙ্গে দলের ৫-০ গোলের দলের জয় নিশ্চিত করেন মিরাজুল।

সামনে সেমিফাইনাল বাঁধা পেরিয়ে ফাইনালে খেলে দেশকে শিরোপা এনে দিতে বদ্ধ পরিকোর বাংলাদেশের যুবারা। আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।