খুলনায় গৃহবধূ হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

খুলনা অফিস

খুলনায় গৃহবধূ হালিমা বেগম হত্যা মামলায় আসামি রফিকুল ইসলাম ওরফে পুসকেল নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার খুলনা জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি রফিকুল ইসলাম আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম দিঘলিয়া উপজেলার চন্দনীমহল গ্রামের মো. ফুল মিয়ার ছেলে এবং ক্রিসেন্ট জুট মিলের একজন বদলি শ্রমিক ।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর দিঘলিয়া উপজেলার চন্দনীমহল গ্রামের রফিকুল ইসলাম একই গ্রামের মোহাম্মদ জিন্নাত আলী শেখের বাড়ি গিয়ে তার স্ত্রী হালিমা বেগমের কাছে পাঁচ হাজার টাকা ধার চান। হালিমা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে রফিকুল গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন।

রাষ্ট্রপক্ষ মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট কাজী আবু শাহিন জানান। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ রজব আলী।