পাকিস্তানে ভোক্তা মূল্য সূচক ৪৯ বছরের মধ্যে সর্বোচ্চ

পাকিস্তানে ক্রমবর্ধমান খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সেখানকার ভোক্তা মূল্য সূচক (সিপিআই) গত ৪৯ বছরের মধ্যে সর্বোচ্চ আকার ধারণ করেছে। গত আগস্ট মাসের হিসাবে বলা হয়েছে, এটি বেড়ে ২৭ দশমিক ৩ শতাংশ হয়েছে। দেশটির পরিসংখ্যান ব্যুরোর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর এএনআইয়ের

পাকিস্তান পরিসংখ্যান ব্যুরোর (পিবিএস) এক বিবৃতিতে বলা হয়েছে, শাকসবজি, গম, রান্নার তেলসহ প্রধান পণ্যের মূল্যবৃদ্ধি উচ্চ মূল্যস্ফীতির দিকে যাচ্ছে। এর এক মাস আগে, অর্থাৎ জুলাইতে বার্ষিক সিপিআই মূল্যস্ফীতি ছিল ২৪ দশমিক ৯ শতাংশ, যা ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ। সিপিআই বা ভোক্তার এই মূল্যসূচক মূল্যস্ফীতি নির্ধারণের একটি প্রধান নির্ধারক, যা অন্যান্য পণ্যের মূল্যের ওপরও প্রভাব ফেলে। অন্যভাবে বলতে গেলে, এটি মূল্যস্ফীতি পরিমাপের একটি প্যারামিটার। আর এসব তথ্যই নীতিনির্ধারকেরা ভবিষ্যতে তাদের এসংক্রান্ত সিদ্ধান্ত প্রণয়নে ব্যবহার করে থাকেন। শুধু নীতি-নির্ধারকই নন, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আর্থিক বাজার ও ভোক্তা গোষ্ঠী। এখানে যদি ভোক্তার মূল্যসূচক বৃদ্ধি পায়, তাহলে এর অর্থ দাঁড়ায় যে, জাতীয় মুদ্রা তার ক্রয়ক্ষমতা হারাচ্ছে।

পিবিএসের মুখপাত্র আতিকুর রহমান বলেছেন, আগস্ট মাসে যে মূল্যস্ফীতি ছিল, তা ১৯৭৩-১৯৭৪ সালের পর রেকর্ডে সর্বোচ্চ।