বিষ দিয়ে মাছ ধরার সময় আটক ৩

পূর্ব সুন্দরবনের ডুমুরিয়া এলাকায় বিষ দিয়ে মাছ ধরার সময় বনরক্ষীরা বিষের বোতলসহ ৩ জনকে আটক করেছেন। এসময় একটি ট্রলার জব্দ করা হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) তাদের আটক করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, ডুমুরিয়া ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে বনরক্ষীরা বুধবার দুপুরে নিয়মিত টহলকালে সুন্দরবনের মান্দারগাছিয়া খালে একটি ট্রলার দেখতে পেয়ে এগিয়ে গিয়ে যান। এসময় তিন ব্যক্তিকে খালে বিষ দিয়ে মাছ ধরা অবস্থায় ধরে ফেলেন।

আটক জেলেরা হলেন নিরু হাওলাদার (৩৫), শাহজালাল (২৮) ও  আরিফ হাওলাদার (২৫)। তাদের বাড়ি পিরোজপুরের মঠবাড়ীয়ার ভাইজোড়া গ্রামে। এসময় বনরক্ষীরা একটি ট্রলার ও কীটনাশক জব্দ করেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ‘ডুমুরিয়ায় আটক জেলেদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে চালান করা হবে।’