সাইফুদ্দীনকে শিকলবন্দি জীবন থেকে মুক্তি দিলেন এসিল্যান্ড

চট্টগ্রামের আনোয়ারায় দীর্ঘ দিন ধরে শিকলবন্দি থাকা অবস্থায় সাইফুদ্দীন (২৮) নামের এক যুবককে উদ্ধার করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। তাকে মানসিক অসুস্থ অপবাদ দিয়ে একটি ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল বলে অভিযোগ ওঠেছে তার ভাইদের বিরুদ্ধে।

বুধবার (৭ সেপ্টেম্বর ) সন্ধ্যায় সাইফুদ্দীনকে উত্তর ইছাখালী তার নিজ ঘর থেকে উদ্ধার করা হয়। এসময় দেখা যায়, সাইফুদ্দীনের হাত পা তালা দিয়ে বেঁধে রাখা হয়েছে। 

শিকলবন্দি সাইফুদ্দীন উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের উত্তর ইছাখালী গ্রামের মৃত বজল আহমেদের ছেলে। তিন ভাইয়ের মধ্যে সাইফুদ্দীন সবার ছোট বলে জানা গেছে।

এদিকে স্থানীয়রা বলেন, সাইফুদ্দীন নিজে একজন কাঠমিস্ত্রি ছিলেন। তিনি এমনে মানসিক রোগী। মাঝে মাঝে অসুস্থতা বেড়ে গেলে পাগলামি বেশি করতেন। ভালো হয়ে গেলে আবার কাজ করতেন। তবে এবার দীর্ঘ দিন ধরে তাকে আমরা দেখতে পাচ্ছি না।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, ‘সে মানসিক রোগী হোক বা অন্য কিছু হোক। এভাবে একটা মানুষকে শিকলে বন্দি রাখা যায় না। সে অসুস্থ হলে তার চিকিৎসা নেওয়াটা প্রয়োজন। আমি খবর পেয়ে থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করেছি। সে যদি মানসিক অসুস্থ হয়ে থাকে তাহলে আগে তার পর্যাপ্ত চিকিৎসা সেবা দরকার। এভাবে কাউকে বন্দি করে রাখা এটা অন্যায় অপরাধমূলক কাজ।’