হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে গ্রামবাসীর পৃথক সংঘর্ষে মহিলাসহ ৫০ জন আহত হয়েছে। গত মঙ্গলবার বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়। গুরুতর আহত জিগির আলীকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে এবং অন্যান্যদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই দিন মাধবপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে মহিলাসহ অন্তত ২৫ জন আহত হয়। গত মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মাধবপুর থানার (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, ওই গ্রামের দুলাই মিয়ার পুত্র পারভেজ মিয়ার সাথে একই গ্রামের মিনাজ উদ্দিনের পুত্র বাবু মিয়ার দীর্ঘদিন ধরে গ্রাম্য বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত রুকেয়া খাতুন, নজরুল ইসলাম, মানিক চাঁন, মৌসুমি আক্তার, সাঈফ মিয়া, জামান খা, দুলাই মিয়া, পারভেজ মিয়া, আইয়ুব আলী, মানিক মিয়া, আব্দুর রশিদ ও রহমান মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।
এদিকে, একই দিন দুপুরে লাখাই উপজেলার সিংহ গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে পাঁচজন আহত হয়। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।