ফাঁসিয়াখালিতে পাঁচ লাখ ঘনফুট পাথর জব্দ

লামা (বান্দরবান) সংবাদদাতা

লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের কাঁঠালছড়া ও বনফুর এলাকায় উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে ৫ লক্ষাধিক ঘনফুট পাথর অবৈধভাবে মজুদ পেয়েছে। বুধবার লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা, পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলার সহকারী পরিচালক এ কে এম সামিউল আলম কুরসী ও পরিদর্শক নাজনিন সুলতানা নিপা দিনব্যাপী যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তরের বান্দরবান জেলার সহকারী পরিচালক এ কে এম সামিউল আলম কুরসী জানান, সরেজমিন পরিদর্শনে ফাঁসিয়াখালি ইউনিয়নের স্থানীয় লোকজন তাদের জানায়,  বনফুর, সমুখাল, পাইকঝিরি, হরিণঝিরি এলাকায় আনুমানিক ২ লাখ ঘনফুট পাথর অবৈধভাবে পাচারের জন্য মজুদ রয়েছে। কাঁঠালছড়া, সামুকছড়া, বাঁশখাইল্লার ঝিরি, সমুখালের আগা, বদুরঝিরি, হরিণঝিরি ও সামুকঝিরি এলাকায় পাচারের জন্য আরো ৩ লক্ষাধিক ঘনফুট পাথর মজুদ রয়েছে।

লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা জানান, অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচার করে পরিবেশের ক্ষতিকারক ব্যক্তিদের বিরুদ্ধে পরিবেশ আইনে সংশ্লিষ্ট বিভাগ আইনগত ব্যবস্থা নিচ্ছে।