চীনের উইঘুর প্রদেশের মুসলিমদের ওপর দেশটির কর্তৃপক্ষের মানবেতর আচরণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি রেডিও ইন্টারন্যাশনাল।
সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে আসে চীনে উইঘুর মুসলিমদের ওপর অত্যাচারের ঘটনা। এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, প্রতিবেদনটিতে শিনজিয়াং এ মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি পরিষ্কার। উইঘুর মুসলিমদের ওপর এমন নির্যাতন অমানবিক, এটি বেশ কষ্টদায়ক।
জাতিসংঘের মানবাধিকার কমিশনার মিশেল ব্যাচেলেটের পদের মেয়াদ শেষ হবার ঠিক পূর্বেই এই প্রতিবেদনটি প্রকাশ পেলো। প্রতিবেদনটিতে চীন সরকারের উইঘুরদের ও শিনজিয়াং প্রদেশে তুর্কি মুসলিমদের ওপর মানবাধিকার লঙ্ঘন করে এমন বেশ কয়েকটি ঘটনা প্রকাশ পায়।
এদিকে প্রতিবেদনে সুপারিশকৃত সমাধানগুলো বিবেচনা করা হবে ও আন্তর্জাতিক মিত্রদের সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছে, অস্ট্রেলিয়ান সরকার।
পেনি ওং বলেন, আমরা বিশ্বব্যাপী মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। আশা করি উইঘুর সম্প্রদায়ের ওপর করা এমন নির্যাতনের ঘটনা দ্রুত সমাধান করা হবে।
এদিকে প্রতিবেদনটি প্রকাশিত এসব তথ্য পুরোপুরি অস্বীকার করেছে এবং ষড়যন্ত্র বলে দাবি করেছে চীন সরকার।