ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনদিনব্যাপী ছায়া জাতিসংঘের সম্মেলন শুরু

ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ন্যাশনাল মডেল ইউএন কনফারেন্স শুরু হয়েছে। ‘এনডোর্সিং ফ্রিডম থ্রো কনসলিডেটিং ইউনিফাইড ইফোর্ট টুয়ার্ডস গ্লোবাল কনসোন্যান্স’ শীর্ষক জাতিসংঘের এই ছায়া সম্মেলন চলবে তিন দিন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এই কনফারেন্স উদ্বোধন করেন।

ঢাকা ইউনিভার্সিটি ন্যাশনাল মডেল ইউনাইটেড ন্যাশন্সের মহাসচিব মো. আশিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গিওয়িন লুইস ও ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশন্স অ্যাসোসিয়েশনের মডারেটর অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বিশেষ অতিথি এবং এসওএস চিলড্রেনস্ ভিলেজ-এর জাতীয় পরিচালক ড. মো. এনামুল হক সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সিদ্ধার্থ গোস্বামী প্রবাল অনুষ্ঠানে বক্তৃতা করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নৈতিক মূল্যবোধ ও দায়িত্ববোধসম্পন্ন বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘দায়িত্ববোধ ব্যক্তির স্বাধীনতাকে অর্থবহ করে তোলে। পারস্পরিক সহযোগিতা, মত বিনিময়, কূটনৈতিক দক্ষতার বিকাশ ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে হবে। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের জন্য তিনি ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশন্স অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রতি আহ্বান জানান।’

এ বছর সম্মেলনে থাকছে ১১টি কমিটি। এর মধ্যে থাকছে- জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, বিশ্ব বাণিজ্য সংস্থা, অর্থনৈতিক এবং আর্থিক সংস্থা, বাংলাদেশ বিষয়ক বিশেষায়িত কমিটি, বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘের সম্মেলন, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন, নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক সুরক্ষা কমিটি, জাতিসংঘের শিক্ষামূলক, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা, আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা, ইন্টারন্যাশনাল প্রেসসহ অন্যান্য। 

ছায়া জাতিসংঘ সম্মেলনের শুরুর দিনে কমিটিতে মূল প্রতিপাদ্য বিষয়গুলো আলোচনা করা হয়েছে। 

আগামীকাল ৯ সেপ্টেম্বর পুরোদমে আলোচনা ও বিতর্ক অনুষ্ঠিত হবে এবং ১০ সেপ্টেম্বর অংশগ্রহণকারী প্রতিনিধিরা দক্ষতার মাধ্যমে তাদের প্রদানকৃত সমস্যার সমাধান বের করবেন। প্রতিটি কমিটি যে সমাধান বের করবে, তার খসড়া প্রস্তাবগুলো নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপস্থাপন করা হবে। 

ডিইউমুনা ২০১২ সাল থেকে নিয়মিত এই ছাত্র সম্মেলনের আয়োজন করে আসছে। সংগঠনটির এবারের সম্মেলনে দেশ-বিদেশের নানা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ প্রতিনিধি অংশগ্রহণ করছেন। প্রতিবছরের মতো এবারো দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের পাশাপাশি আয়ারল্যান্ড, কানাডাসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই ছায়া জাতিসংঘ সম্মেলনে অংশগ্রহণ করেছেন।