পটারই দাঁড়াচ্ছেন স্ট্যামফোর্ড ব্রিজের ডাগআউটে

চেলসির মালিকানা নেয়ার ১০০ দিনের মাথায় টড বোহেলি ছাঁটাই করেন কোচ থমাস টুখেলকে। টিক তার পরদিনই নতুন কোচ নিয়োগের কথাও জানালো লন্ডনের ক্লাবটি। ব্রাইটনের ইংলিশ কোচ গ্রাহাম পটারই হচ্ছেন চেলসির নতুন কোচ। ইতোমধ্যেই পটারের সঙ্গে মৌখিক সম্মতিতে পৌঁছেছে টড বোয়েলির ম্যানেজমেন্ট বিভাগ।

আগামী শনিবার (১০ সেপ্টেম্বর) ইগ্লিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামবে চেলসি। ঐদিনই প্রথমবার স্ট্যামফোর্ড ব্রিজের ডাগআউটে দাঁড়াবেন গ্রাহাম পটার। পটারের সাথে চেলসির কোচ হওয়ার দৌড়ে ছিলেন সাবেক টটেনহ্যাম আর পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। নাম শোনা গিয়েছিলো ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানেরও। তবে টড বোহেলি কর্তৃপক্ষ শেষমেশ বেছে মিলেন পটারকেই।

ব্রাইটন ছাড়াও এর আগে ওস্তারসান্ড ও সোয়ানসি সিটিকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে গ্রাহাম পটারের। ব্রাইটনের হয়ে এই ইংলিশ কোচের পরিসংখ্যান খুব একটা সন্তোষজনক নয়। তার অধীনে ১৩৪ ম্যাচে ব্রাইটনের জয় মাত্র ৪৩টি, হারের সংখ্যা ৪৮ আর ড্র করেছে জয়ের সমান সংখ্যক ৪৩ ম্যাচে। পটারের কোচিংকালে ১৬১ গোল করার বিপরীতে ব্রাইটন হজম করেছে ১৭২ গোল।

চলতি মৌসুমের শুরু থেকেই চেলসির ডাগআউটে সময়টা খুব বেশি ভালো যাচ্ছিলো না টুখেলের। প্রিমিয়ার লিগের ছয় ম্যাচের মধ্যে ৩ জয়ের পাশাপাশি ২ হার আর ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নাম্বারে রয়েছে দ্য ব্লুজরা। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেও ডাইনামো জাগরেবেরত বিপক্ষে ১-০ গোলে হেরে যায় দলটি। এরপরই জার্মান কোচ থমাস টুখেলকে বরখাস্ত করার ঘোষণা দেয় চেলসি। 

ক্লাবের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, নতুন মালিক ক্লাবের দায়িত্ব নেওয়ার ১০০ দিনে এসে পৌঁছেছে। কর্তৃপক্ষ ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছে এবং তারা বিশ্বাস করে এই সিদ্ধান্ত নেয়ার এটাই সঠিক সময়। 

বিবৃতিতে আরও জানানো হয়, তার (টুখেল) অবর্তমানে কোচিং স্টাফরা দলের অনুশীলন চালিয়ে যাবেন এবং পরবর্তী ম্যাচ উপলক্ষে পরিকল্পনা সাজাবেন।