রাজস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভারত সফরের শেষ দিনে ভারতের আজমির শ‌রি‌ফের খাজা গরীবে নওয়াজ দরগাহ শরীফ জিয়ারত করতে রাজস্থানে পৌঁছেছেন। এ সময় রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। সাংস্কৃতিক দল রাজস্থানের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানালে তিনি হাত নেড়ে তাদের উৎসাহ দেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেছেন, প্রধানমন্ত্রী দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে নফল নামাজ ও মোনাজাত করবেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে রাজস্থান প্রদেশের শিক্ষামন্ত্রী বুলাকি দাস কাল্লা স্বাগত জানান। ছবি: ফোকাস বাংলা

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট আজ (স্থানীয় সময়) সকাল ৯টা ৫৫ মিনিটে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

প্রধানমন্ত্রী দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় নফল নামাজ ও মোনাজাত করবেন বলেও জানান তিনি।

একটি সাংস্কৃতিক দল রাজস্থানের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনের মাধ্যমে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। পরে তিনি শিল্পীদের সঙ্গে গ্রুপ ছবিতে অংশগ্রহণ করেন। ছবি: ফোকাস বাংলা

ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী সুফি মঈনুদ্দিন চিশতীর মাজার খাজা গরীব নওয়াজ দরগাহ শরীফে ফাতেহা পাঠ ও মোনাজাত করে কিছু সময় কাটাবেন। পরে শেখ হাসিনা আজমির দরগাহ শরীফের বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন।

এর আগে, ফ্লাইটটি নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে সকাল ৯টা ১২ মিনিটে ছেড়ে আসে।