রানির শারীরিক অবস্থা আশঙ্কাজনক, ব্রিটেনে ফিরছেন মেগান-হ্যারি

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তার চিকিৎসক। রানির অসুস্থতা নিয়ে বিশদ তথ্য প্রকাশ না করলেও রানিকে হাসপাতালে ভর্তি না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এমন খবর পাওয়ার পর জার্মানি থেকে ব্রিটেনে ফিরছেন ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও ডাচেস অব সাসেক্স মেগান মেরকেল। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

ব্রিটিশ রাজপরিবারের এই দম্পতির এক মুখপাত্র জানান, ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও ডাচেস অব সাসেক্স মেগান মেরকেল জার্মানি থেকে দেশে ফিরে আসছেন। তারা দেশে পৌঁছানোর পর স্কটল্যান্ডে যাবেন। 

বর্তমানে জার্মানিতে আহত প্রবীণ সামরিক কর্মকর্তাদের এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সেই প্রতিযোগিতায় অতিথি হিসেবে তারা জার্মানিতে আছেন। 

প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ সকালে অতিরিক্ত পর্যালোচনার পর রানির চিকিৎসকরা তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।’ রানি বর্তমানে স্বস্তিদায়ক পরিস্থিতিতে আছেন এবং তিনি স্কটল্যান্ডে রাজপরিবারের বাসভবন বালমোরাল ক্যাসেলে রয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এদিকে, রানির আকস্মিক অসুস্থতার খবরে ইতোমধ্যে রাজপরিবারের চার সন্তান ও নাতি-নাতনিরা স্কটল্যান্ডের উদ্দেশে যাত্রা শুরু করেছেন।

রানি দ্বিতীয় এলিজাবেথ

ব্রিটিশ সাম্রাজ্যের দীর্ঘতম রাজত্বকারী ও বিশ্বের প্রবীণতম রানি গত বছরের শেষের দিক থেকে আকস্মিকভাবে চলাফেরার সমস্যায় ভুগছেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস।

এদিকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করেছেন লিজ ট্রাস।  তবে লিজ ট্রাসই রানি এলিজাবেথের আমলের প্রথম প্রধানমন্ত্রী যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে বাকিংহ্যাম প্যালেসে গিয়ে রানির সঙ্গে দেখা করেননি। তার বদলে তিনি রানির সঙ্গে দেখা করেছেন স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে। 

গ্রীষ্মকালীন সময় কাটাতে বর্তমানে স্কটল্যান্ডে গেছেন রানি। অন্য সাধারণ সময় হলে তিনি হয়ত বাকিংহ্যাম প্যালেসে ফিরতেন। কিন্তু এখন বয়স হওয়ার কারণে তিনি লন্ডনে না এসে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে বরণ করে নিয়েছেন স্কটল্যান্ডে।