পাবনার বেড়া উপজেলায় লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) বা চর্মরোগে অন্তত ২ হাজার গরু আক্রান্ত হয়ে পড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে আক্রান্ত গরুর সংখ্যা বেড়ে চলায় খামারিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তা ও খামারিদের সঙ্গে কথা বলে জানা যায়, এলএসডি রোগটি এক ধরনের চর্মরোগ হলেও এতে গরুর মৃত্যুর ঝুঁকি রয়েছে।
সরেজমিনে ঘুরে জানা গেছে, উপজেলার বেড়া পৌরসভা, হাটুরিয়া-নাকালিয়া, জাতসাকিনী, চাকলা, কৈতলা ইউনিয়নে এই রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। প্রথমে দুই-একটি গ্রামে এই রোগ দেখা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ইউনিয়নের গ্রামগুলোতে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে।
বেড়া পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার খামারি টিটু মিয়া জানান, তার খামারের একটি গরু এই রোগে আক্রান্ত হয়ে এখন মৃতপ্রায় অবস্থায় রয়েছে। আক্রান্ত গরুটিকে আলাদা রাখলেও অন্য গরুগুলো নিয়ে চরম আতঙ্কে আছেন তিনি।
বেড়া উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান জানান, এলএসডি রোগে মৃত্যুহার একেবারেই কম। তবে গরু চরম দুর্বল হয়ে পড়ে। এই রোগের সরাসরি কোনো প্রতিষেধক না থকেলেও গোট পক্স (ছাগলের বসন্ত) রোগের প্রতিষেধক এ ক্ষেত্রে বেশ কার্যকরী।