বাকিংহাম প্যালেসে জনগণের সঙ্গে দেখা করলেন রাজা চার্লস ও রানি ক্যামিলা

বাকিংহাম প্যালেসের বাইরে ভিড়ের মধ্যে শোকার্ত ও রাজাকে উষ্ণ সংবর্ধনা জানাতে আসা মানুষের সাথে দেখা করেছেন ব্রিটেনের নতুন রাজা চার্লস তৃতীয় এবং রানি ক্যামিলা। যুক্তরাজ্যে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুকে স্মরণীয় করে রাখার জন্য লোকেরা প্রাসাদ এবং গির্জার বাইরে ফুল ও শ্রদ্ধা নিবেদন করছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যেই স্কটল্যান্ডের এবারডিনের বালমোরাল প্রাসাদ থেকে লন্ডনের বাকিংহাম প্যালেসে এসে উপস্থিত হয়েছেন রাজা তৃতীয় চার্লস। সেখানেই রাজা হিসেবে নিজের প্রথম ভাষণ দেবেন চার্লস।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার বড় ছেলে ৭৩ বছর বয়সী চার্লস স্বয়ংক্রিয়ভাবে নতুন রাজা হন। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে সাক্ষাৎ করবেন রাজা চার্লস।

বাকিংহাম প্যালেসে জনগণের সঙ্গে দেখা করলেন রাজা চার্লস ও রানি ক্যামিলা

এবারডিন থেকে রাজা চার্লস আর রানি ক্যামিলাকে বহনকারী বিমানটি স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে রয়্যাল এয়ার ফোর্সের নর্থহল্ট বিমান ঘাটিতে অবতরণ করেন। সেখান থেকে সেন্ট্রাল লন্ডন হয়ে মোটর শোভাযাত্রার মাধ্যমে ২০ মাইল দূরের বাকিংহাম প্যালেসে এসে পৌঁছান তারা।

সমগ্র পৃথিবীকে শোকস্তব্ধ করে ৯৬ বছর বয়সে পরলোকগমন করেছেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। প্রায় ৭ দশক ধরে ব্রিটিশ রাজতন্ত্র সামলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় রানি এলিজাবেথ গ্রীষ্মকালীন আবাস স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসল প্রাসাদে ছিলেন।