সেন্ট পলে গাওয়া হলো 'গড সেভ দ্য কিং'

রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকে নিমজ্জিত দেশটিতে রাজা হিসেবে দায়িত্ব নেয়া কিং চার্লস তৃতীয় শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় তার নতুন অধ্যায়ের সূচনায় জনগণের উদ্দেশে বক্তব্য রাখেন। এর পরপরই সেন্ট পলে গাওয়া হয় 'গড সেভ দ্য কিং' শিরোনামের ব্রিটেনের জাতীয় সঙ্গীত।

রানির মৃত্যুর পর থেকেই ব্রিটেনের অনেক কিছুই পালটে যেতে শুরু করেছে। ১৯৫২ সাল থেকে যে জাতীয় সংগীত গেয়ে আসছিলেন ব্রিটিশরা। রানির মৃত্যুর পর এবার পরিবর্তন আসলো তাদের জাতীয় সঙ্গীতেও। জাতীয় সঙ্গীতটি ১৭৪৫ সালে লেখা হয়েছিল এবং মূলত তৎকালীন শাসক রাজা তৃতীয় জর্জের সম্মানে "গড সেভ দ্য কিং" শিরোনাম ছিল।

পরে ব্রিটিশ জাতীয় সঙ্গীত গাওয়া হয় রানির সম্মানের কথা মাথায় রেখে। গানে কয়েকটি জায়গায় রানির কথা বলা হয়েছে। এবার তা বদলে নতুন রাজার কথা বলা হলো। এখন থেকে গড সেভ দ্য কুইনের জায়গায় ‘গড সেভ দ্য কিং’ গাইবে সবাই।

বাকিংহাম প্যালেসে জনগণের সঙ্গে দেখা করলেন রাজা চার্লস ও রানি ক্যামিলা

ব্রিটিশ রাজ সিংহাসনে যিনি থাকেন তার ওপর নির্ভর করেই মূলত জাতীয় সংগীতের ভাষা পরিবর্তন হয়। আইনত কোনও বাধ্যবাধকতা না থাকায় তাৎক্ষণিকভাবেই এর ভাষা পরিবর্তন করা যায়।

তবে রাজা-রানির এই পরিবর্তন ছাড়া জাতীয় সংগীতের মূল কথাগুলো একই থাকবে। জাতীয় সঙ্গীত ছাড়ও নোট, কয়েন, স্ট্যাম্প, পোস্টবক্স এবং পাসপোর্ট সবকিছুতেই আসবে পরিবর্তন।

ব্রিটিশ কয়েন, ব্যাংকনোট এবং স্ট্যাস্পে নতুন রাজার ছবি বসবে। সেগুলো তৈরি হবে নতুনভাবে। নতুন নকশার এই কয়েন বা স্ট্যাম্প দেখতে কেমন হবে তা এখনও জানা নেই।

রানি দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে মৃত্যুবরণ করেন। রানি দ্বিতীয় এলিজাবেথ গত বছরের অক্টোবর থেকে স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসনে থাকা দ্বিতীয় এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর।