বিরাট কোহলির জায়গায় অন্য কেউ হলে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হতো বলে মন্তব্য করেছেন দেশটির বিশ্বকাপ জয়ী সাবেক ব্যাটার গৌতম গম্ভীর। স্টার স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন রবিচন্দ্র অশ্বিন, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, লোকেশ রাহুল—এসব ক্রিকেটার দীর্ঘদিন বাজে ফর্মে থাকলে, কিংবা সেঞ্চুরি না পেলে বাদ পড়তেন।
এশিয়া কাপে সুপার ফোরের নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামে ভারত-আফগানিস্তান। আর এই ম্যাচে আন্তর্জাতিক ক্যারিয়েরের ৭১তম সেঞ্চুরির দেখা পান বিরাট কোহলি। তিনি ৬১ বলে করেন ১২২ রান। প্রায় তিন বছর পর সেঞ্চুরির দেখা পান এই ব্যাটিং জিনিয়াস। তার এমন সেঞ্চুরির অপেক্ষায় ছিল পুরো বিশ্ব। সেঞ্চুরি পাওয়ার পর সবাই ছিলেন প্রশংসায় পঞ্চমুখ।
তবে, ব্যতিক্রমী গৌতম গম্ভীর। তিনি বলেন, কোহলির যা অর্জন, সেসব বিচারেই নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট এই তিন বছর ধরে তাকে সমর্থন দিয়ে গেছে। অন্য কোনো ক্রিকেটার হলে সুযোগটা পেতেন না।
তিনি আরও বলেন, তিন বছর অনেক দীর্ঘ সময়। এটা তিন মাস নয়। তবে আমি তার সমালোচনা করছি না। অতীতে সে যত রান করেছে, তাতে যোগ্যতা বলেই এই সুযোগ পেয়েছে। তবে আমার মনে হয় না কোনো তরুণ ক্রিকেটার তিন বছর ধরে সেঞ্চুরি না পেলে আন্তর্জাতিক ক্রিকেটে টিকতে পারত।
গৌতম গম্ভীর ২০১১ সালের ভারতের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন।