পাঠ্যবই মনোযোগ দিয়ে পড়বে তবেই তিন ক্যাটাগরির সব প্রশ্নের উত্তর দিতে পারবে

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, আসন্ন সমাপনী পরীক্ষায়  তোমরা অংশগ্রহণ করছো সে জন্য তোমাদের প্রতি শুভ কামনা রইল। এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রশ্নের কাঠামোতে যে পরিবর্তন এসেছে তা নিশ্চয় তোমরা ইতোমধ্যে ভালোভাবেই রপ্ত করে ফেলেছো এবং সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছো। । তোমরা জানো যে বাংলাদেশ ও বিশ্বপরিচয়, প্রাথমিক বিজ্ঞান ও ধর্ম ও নৈতিক শিক্ষার প্রশ্ন একই রকম কাঠামো অর্থাত্ সংক্ষিপ্ত প্রশ্ন, মিলকরণ, শূন্যস্থান পূরণ ও গঠনমুলক প্রশ্ন - এই চার ক্যাটাগরি নিয়েই প্রশ্ন হবে। তোমরা অবশ্যই জেনে থাকবে যে শূন্যস্থান পুরণ ও মিলকরণ পুরোপুরি পাঠ্যবইয়ের লাইন থেকে তুলে দেয়া হবে, তাই ভালোভাবে বই রিডিং পড়তে হবে। তার মানে হলো এই দুই ক্যাটাগরির প্রশ্ন হবে জ্ঞানমুলক। পাঠ্যবইটি মনোযোগ দিয়ে পড়বে তবেই তিন ক্যাটাগরির সব প্রশ্নের উত্তর দিতে পারবে। পাঠ্যবইয়ের কিছু কিছু অংশ আছে  অগুরুত্বপূর্ণ ভেবে অনেকে এড়িয়ে যেতে পারে। কিন্তু সাবধান প্রশ্ন  সেখান থেকেও হতে পারে। তাই টেক্সট বইটির প্রতিটি লাইনই বুঝে পড়বে। গণিতের বিষয়ে যে কথা থাকবে সেটা হলো হুবহু বই থেকে প্রশ্ন তুলে দেয়া হবে না। একই রকম বা সমতুল্য যা সাধারণ পরীক্ষার্থীর আয়ত্বাধীন    এই রকম পর্যায়ভুক্ত বিষয় নিয়েই প্রশ্ন হবে। সকল অধ্যায় থেকেই প্রশ্ন হবে। বাংলা ও ইংরেজি বিষয়ে প্রশ্ন তৈরি করার দক্ষতা একটি নতুন মাত্রাই বটে। বাংলায় শব্দার্থ বাদে বাকি বিষয়গুলো মোটামুটি আগের মতোই। আশাকরি মনোযোগী ও নিয়মিত পড়ুয়া পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই ভালো ফলাফল করবে।