প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন স্কটল্যান্ডের বালমোরাল থেকে প্রাসাদ এডিনবার্গে নিয়ে যাওয়া হচ্ছে। কফিনটি স্কটিশ রাজধানীতে পৌঁছাতে প্রায় ছয় ঘণ্টা সময় লাগবে। কফিন নিয়ে যাওয়ার সময় রাস্তার দুই পাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে নীরবতা পালন করেছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
এডিনবার্গের বালাটার গ্রামে যাবে রানিকে বহনকারী গাড়ি। এর মধ্য দিয়ে রানির চিরবিদায়ের যাত্রা শুরু হলো, যা আগামী ১৯ সেপ্টেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে শেষ হবে।
বিবিসি বলছে, শেষ বারের মতো রানিকে শ্রদ্ধা জানাতে সড়কে সড়কে মানুষের বিশাল সমাবেশ দেখা গেছে। সড়কের দুই পাশে হাজার হাজার জনতা হাতে ফুল নিয়ে অশ্রুশিক্ত নয়নে রানির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের রাজত্বের অবসান ঘটে গত বৃহস্পতিবার তার চিরবিদায়ের মাধ্যমে। এর পর থেকে তার মরদেহ ছিল স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলের বলরুমে। সেখান থেকে রানির মরদেহবাহী কফিন রোববার যাত্রা শুরু করেছে; যা আগামী মঙ্গলবার লন্ডনে পৌঁছাবে।
রাষ্ট্রীয় মর্যাদায় আগামী ১৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। সর্বসাধারণের সম্মান জানানোর জন্য সমাহিত করার ৪ দিন আগে থেকেই তার দেহ রাখা হবে ওয়েস্টমিনিস্টার হলে। পরে লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবে এলাকার সেইন্ট পল গির্জার পাশে সমাহিত করা হবে রানিকে।