রক্তাত্ব ইতিহাসের সাক্ষ্য দেবেন জয়া

চিত্রধারণ শুরুর ছয় বছরের মাথায় অবশেষে ছবিটি মুক্তি পাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ‘বিউটি সার্কাস’। এটি নির্মাণ করেছেন মাহমুদ দিদার। আগামী ২৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। ১০ সেপ্টেম্বর প্রকাশ পেয়েছে ট্রেলার। ২ মিনিট ৮ সেকেন্ডের এই ট্রেলারজুড়ে দেখানো হয়েছে সার্কাসকন্যা বিউটির লড়াই ও টিকে থাকার গল্প।

ট্রেলারের শুরুতে জয়ার কণ্ঠে শোনা যায়, ‘এই গল্পটা শুধু আমার না। এটা যদি সত্যিই কোনো গল্প হইতো, অথবা ছোটবেলায় শোনা কোনো রূপকথা হইতো, কতই না মজা হইতো। আমি আজ আপনাদের সামনে ইতিহাসের সাক্ষ্য দিতে এসেছি। রক্তের ইতিহাসের সাক্ষ্য।’

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত (২০১৪-১৫) ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটি এর আগে ৩১ আগস্ট রাতে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এর হাতে চলচ্চিত্রটির পোস্টার তুলে দেয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রের প্রচারণা শুরু করেন এর নির্মাতা মাহমুদ দিদার।

২০১৭ সালে নির্মাণ শুরু হলেও চলচ্চিত্রটির ব্যাপ্তি ও নির্মাণের বৃহৎ আয়োজন সম্পন্ন করতে প্রায় পাঁচ বছর সময় লাগে নির্মাতার। করোনা মহামারির কারণেও পিছিয়েছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্রটির মুক্তি। অবশেষে রুপালী পর্দায় ধরা পড়তে যাচ্ছে তারকাবহুল চলচ্চিত্রটি।

ছবি: সংগৃহীত

চলচ্চিত্রটির মধ্য দিয়ে ‘অলাতচক্র’র পর দেশের বড়পর্দায় আবারও হাজির হচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। চলচ্চিত্রটির অন্যান্য চরিত্রে অভিনয় করেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু, মানিসা অর্চি, প্রমুখ।

চলচ্চিত্রটিতে ব্যবহৃত হয়েছে তিনটি গান। গানগুলো গেয়েছেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমী, অ্যাশেজ ব্যান্ডের ইভান ও টুনটুন বাউল।