টসের দিকে তাকিয়ে পাকিস্তান-শ্রীলঙ্কা

এশিয়া কাপের ফাইনালের মহারণে কিছুক্ষণ পরই মাথে নামছে পাকিস্তান-শ্রীলঙ্কা। আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচ হারের পর টানা ৪ ম্যাচ জিতে ফাইনালে ওঠা লঙ্কানদের আত্মবিশ্বাস তুঙ্গে। অন্যদিকে, শক্তিমত্তায় এগিয়ে থাকা পাকিস্তানও ছেড়ে কথ বলবে শিরোপার লড়াইয়ে। তবে দুই দলের শক্তি বা পারফরম্যান্স ছাপিয়ে ফাইনালের শিরোপা নির্ধারণের বড় নিয়ামক হতে পারে টস।

এবারের এশিয়া কাপে ম্যাচ জয়ের মূলমন্ত্র হয়ে দাড়িয়েছে টসজয়। টস জিতে বোলিং নাও, নির্দিষ্ট টার্গেট নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে ম্যাচ জিতে নাও। এর চেয়ে সহজ যেন কিছু হয় না। এবারের আসরে এখন পর্যন্ত ১২ ম্যাচের ৯টিতেই জয়ী হয়েছে পর ব্যাটিং করা দল। টস জিতলেই তাই পরে ব্যাটিং নিয়েছে টসজয়ী অধিনায়ক।

এখন পর্যন্ত আসরে ব্যতিক্রম শুধু তিন ম্যাচ। নিজেদের গ্রুপে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতেও আগে ব্যাটিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সে ম্যাচে আফগানদের কাছে হেরেই এশিয়া কাপ শুরু করেছিলো বাংলাদেশ। অন্যগ্রুপে দুর্বল হংকং দুই ম্যাচেই টসে জিতে পরে ব্যাট করেও হেরেছে ভারত ও পাকিস্তানের বিপক্ষে।

আজ দুবাইয়ের স্পোর্টস সিটি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে টস জেতাটা গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে দুই অধিনায়কের কাছেই। টস জিতলেই যে কোনো চিন্তা ভাবনা না প্রতিপক্ষ দলকে ব্যাটিংয়ে পাঠিয়ে দেবে টসজয়ী অধিনায়ক।

ফাইনালের টসভাগ্য নিয়েবেশ চিন্তিত লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। টস জিতলে তো ব্যাটিং নিবেন নির্দ্বিধায়। আর টস না জিতলে যদি আগে ব্যাটিং করতে হয় তখন পরিস্থিতি সামলাতে কি করতে হবে সেই পরিকল্পনাও করে রেখেছেন শানাকা। তিনি বলেন, 'এই টুর্নামেন্টে টস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা যদি টস হেরে যাই এবং আগে ব্যাট করতে হয়, চেষ্টা করব পাওয়ার প্লে-তে যথেষ্ট রান স্কোরবোর্ডে জমা করার।'

ফাইনালের টস নিয়ে ভাবনা রয়েছে পাকিস্তান অধিনায়ক বাবর আজমেরও। তিনি বলেন, 'টস অবশ্যই বড় ভূমিকা রাখছে, পরে ব্যাট করা দলগুলোই জয় পাচ্ছে। যারা পরে ব্যাট করবে, তারা অবশ্যই সুবিধা পাবে।'

ফাইনালের দুই অধিনায়ক টস নিয়ে বেশ চিন্তিত। এশিয়া কাপের প্রতিটি দল আর দর্শকরাও দেখেছে টস কিভাবে এবার টুর্নামেন্টের ভাগ্য গড়ে দিয়েছে। তবে পাকিস্তান কোচ সাকলাইন মোস্তাক টস নিয়ে ভাবতেই চান না। তিনি জানান, 'শিরোপা জিততে হলে আপনাকে টস নিয়ে ভাবলে চলবে না। আপনাকে দুই ইনিংসই জিতে তবেই চ্যাম্পিয়ন হতে হবে। আমরা টস নিয়ে কোনো কথা বলি না, এমনকি এটা নিয়ে তেমন কিছু ভাবছিও না।'