বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে শ্রীধরণ শ্রীরামের শুরুটা ভালো হয়নি। এশিয়া কাপে তার অধীনে টানা দুই ম্যাচ হেরেছে সাকিব আল হাসানের দল। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে টাইগাররা। রাসেল ডমিঙ্গোকে সরিয়ে ভারতীয় এই কোচকে টি-২০ ফরম্যাটের দায়িত্ব দিয়েছে বিসিবি।
অস্ট্রেলিয়ায় আসন্ন বিশ্বকাপ পর্যন্তই বিসিবির সঙ্গে তার চুক্তি রয়েছে। প্রথম অ্যাসাইনমেন্টে ভালো খবর দিতে পারেননি, এখন নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে বড় পরীক্ষা হবে শ্রীরামের।
ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের জন্য নিজ হাতেই দলটা বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন এই কোচ। গতকাল ঢাকায় এসেছেন শ্রীরাম। আজ থেকে মিরপুর স্টেডিয়ামে স্কিল ক্যাম্প পরিচালনা করবেন তিনি।
নির্বাচকদের সূত্রে গতকাল জানা গেছে, জাতীয় দলের ও জাতীয় দলের বাইরে ২০-২৫ ক্রিকেটারকে হাজির করা হবে শ্রীরামের সামনে। এইচপির কিছু তরুণ ক্রিকেটারও ক্যাম্পে সুযোগ পাবেন। এশিয়া কাপে বা আন্তর্জাতিক ক্রিকেটে যাদেরকে দেখেননি শ্রীরাম। আগামী কয়েক দিন পরখ করবেন তিনি। ম্যাচ পরিস্থিতি বিবেচনায় সবার স্কিল দেখবেন শ্রীরাম। তিন দিনের স্কিল ক্যাম্প শেষে চূড়ান্ত হবে বাংলাদেশের বিশ্বকাপ দল। আজ সকাল ১০টা থেকেই ক্যাম্পের কার্যক্রম শুরু হবে। তার আগে সাড়ে ৯টায় রিপোর্ট করবেন ক্রিকেটাররা।
এদিকে ক্যাম্প শুরুর আগেই ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফেরা লিটন দাসের ব্যাটিং অর্ডার নিয়ে নতুন ভাবনা জানা গেল। মুশফিকুর রহিমের অবসরে খালি হওয়া মিডল অর্ডারের গুরুভার লিটনের ওপর তুলে দিতে চান শ্রীরাম ও নির্বাচকরা। ওপেনিং থেকে তাকে পাঠাতে চান চার নম্বরে। এ বিষয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে শ্রীরামও লিটনকে চারে দেখতে চান বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। চার নম্বরে লিটনকে নামানোর প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা ওকে (লিটন) চার নম্বরে নামানোর কথা ভাবছি। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ স্কিল ক্যাম্পে লিটনকে এই প্রস্তাব দেওয়া হবে। ডানহাতি এই ব্যাটসম্যান সিদ্ধান্তটা কীভাবে গ্রহণ করবেন, সেটাও দেখার বিষয়। লিটনকে নিয়ে নতুন ভাবনাই বলে দিচ্ছে, ওপেনিংয়ে মিরাজ, সাব্বির, বিজয়দের নিয়েই ভাবছে টিম ম্যানেজমেন্ট। লিটনকে চারে, আফিফকে পাঁচে খেলানোর পরিকল্পনা করা হয়েছে। কারণ শ্রীরামও চান মাঝের ওভারগুলোতে গ্যাপ বের করে চার মারা, স্ট্রাইক রোটেট করার দায়িত্ব এ দুই তরুণকে দেওয়া হোক। নান্নু আরো বলেছেন, ‘শ্রীরামও এটি চায়। সে লিটনকে ব্যাট করতে দেখে বলেছে, চার ও পাঁচ নম্বরে লিটন-আফিফের মতো ব্যাটসম্যান প্রয়োজন। কারণ পাওয়ার প্লে শেষ হলে বাউন্ডারি হাঁকানো কঠিন। তখন তারা গ্যাপে খেলে রান বের করতে পারে।’