স্বপ্নকে সত্যি করেছেন কার্তিক

দলের অভিজ্ঞ ক্রিকেটার। তবে খারাপ ফর্মের কারণে জায়গা হারিয়েছিলেন জাতীয় দলে। গত আইপিএলে ভালো পারফরম্যান্স দেখিয়ে আবারও ফিরেছিলেন জাতীয় দলে। এবার সুযোগ পেলেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত দলেও। ছোট্ট এই ঘুরে দাঁড়ানোর গল্পটা ভারতের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার দিনেশ কার্তিকের। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট্ট একটি কথায় যেন বুঝিয়ে দিলেন নিজের প্রতিজ্ঞা, পরিশ্রম আর বিজয়ের গল্প। 

ভারতীয় স্কোয়াডে জায়গা পাওয়ার পর দিনেশ কার্তিক গতকাল নিজের ফেসবুক পেজ থেকে ছোট্ট একটি বার্তা পাঠান ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে। সেখানেলখা ছিলো মাত্র চারটি শব্দ- 'ড্রিমস ডু কামস ট্রু'। 

হ্যা দিনেশ কার্তিকের স্বপ্ন সত্যি হয়েছে আসলেও। বৃথা যেতে দেননি নিজের পরিশ্রম আর ঘুরে দাঁড়ানোর প্রবল নিবেদনকে। ফর্মহীনতায় জাতীয় দল থেকে বাদ পড়ার পর আইপিএলে এসে নিজেকে ফিরে পেয়েছিলেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার। তার ফলস্বরূপই দক্ষিণ আফ্রিকা সফরে আবারো দাক পান জাতীয় দলে। সুযোগ পেয়েই নিজেকে নতুন করে চেনালেন কার্তিক। টি-টোয়েন্টি ক্যারিয়ারের নিজের প্রথম অর্ধশতকের সাথে আফ্রিকার মাটিতে দলকেও জিতিয়েছেন নিজের ব্যাটিংয়ে। ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জায়গা পান এশিয়া কাপের দলেও। তবে এশিয়া কাপে আর তেমন কিছু করতে পারেননি তিনি, অবশ্য সব ম্যাচে মাঠেও নামা হয়নি কার্তিকের।

এশিয়া কাপে নিজেকে মেলে ধরার সুযোগ না পেলেও তার ওপর আস্থা হারাননি নির্বাচকরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ঠিকই জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। বিশ্বকাপের দলে জায়গা পেয়েই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছোট্ট ওই পোস্ট দিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন কার্তিক।

এদিকে, বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডে তেমন কোনো চমক অবশ্য নেই। এশিয়া কাপে পাওয়া হাঁটুর চোটের কারণে বিশ্বকাপের মঞ্চে যাওয়া হচ্ছে না অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। আবার চোটের কারণে এশিয়া কাপের দলে না থাকা পেসার জসপ্রিত বুমরাহ আর হার্শাল প্যাটেল ফিরেছেন বিশ্বকাপের স্কোয়াডে। আর ফর্মহীনতায় ভোগা তারকা ব্যাটার শ্রেয়াস আইয়্যার সরাসরি দলে সুযোগ হারিয়েছেন, তবে রয়েছেন রিজার্ভ তালিকায়, অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামিকেও রাখা হয়েছে রিজার্ভ হিসেবে।      

ভারতের বিশ্বকাপ স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, হার্শাল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, অক্ষর পটেল, আর্শদিপ সিং, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার।

রিজার্ভ দল: মোহম্মদ শামি, শ্রেয়াস আয়ার, রবি বিষ্ণই, দীপক চাহার।