সীমান্তে অস্থায়ী কাঠামো ভেঙে ফেলবে ভারত ও চীন

লাদাখে এলএসির গোগরা-হট স্প্রিংস (পিপি-১৫) এলাকায় তৈরি অস্থায়ী কাঠামো এবং অন্যান্য সহযোগী অবকাঠামো যাচাই করতে একমত হয়েছে ভারত ও চীন। যাচাই করার পর কাঠামোগুলো ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নিতে পারে দেশ দুইটি। শুক্রবার (৯ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম রেডিফ ডট কম। 

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি গোগরা-হট স্প্রিংস এলাকায় ভারতীয় ও চীনা সেনারা পরিকল্পিতভাবে বিচ্ছিন্ন হতে শুরু করে। এর একদিন পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সাংবাদিকদের বলেন, এই অঞ্চলে বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া ১২ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে।

চলতি বছরের ১৭ জুলাই চুশুল মোল্ডো মিটিং পয়েন্টে অনুষ্ঠিত ভারত ও চীনের কর্পস কমান্ডারদের মধ্যে ১৬ দফা আলোচনার অনুসরণ করে সেনাদের এই বিচ্ছিন্নকরণ প্রক্রিয়াটি শুরু হয়।