যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি কাউন্টিতে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে দেশটিতে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হলো। সোমবার (১২ সেপ্টেম্বর) দেশটির জনস্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, মৃত ব্যক্তি লস অ্যাঞ্জেলসের বাসিন্দা। তার রোগ প্রতিরোধক্ষমতা কম ছিল। তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ২২ হাজার মাঙ্কিপক্সের কেস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মাঙ্কিপক্সে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ক্যালিফোর্নিয়া রাজ্য। সেখানে ৪ হাজার ৩০০ মাঙ্কিপক্স কেস শনাক্ত হয়েছে। এদিকে বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রায় ৫৮ হাজার কেস শনাক্ত হয়েছে। মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর হয়েছে।
মাঙ্কিপক্স একটি বিরল ও স্বল্প পরিচিত ভাইরাসজনিত রোগ। স্মলপক্স ভাইরাস শ্রেণির একটি ভাইরাস এ রোগের জন্য দায়ী। বিশেষজ্ঞদের মতে পশ্চিম ও মধ্য আফ্রিকার উষ্ণ ও আর্দ্র বনাঞ্চলের বানররা ছিল এ রোগের প্রথম শিকার। তারপর একসময় মানবদেহেও সংক্রমিত হওয়া শুরু করে রোগটি।
রোগটির বিভিন্ন লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, ঘেমে যাওয়া, পিঠে ব্যথা, মাংসপেশির টান ও অবসাদ। প্রথম পর্যায়ে রোগীর জ্বর আসে, পাশাপাশি শরীরে দেখা দেয় ফোস্কা ও অধিকাংশ ঘটনায় শুরুতে মুখে ফুসকুড়ি ওঠে। পরে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে; বিশেষ করে হাত ও পায়ের তালুতে।