রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় আমন্ত্রণ পায়নি মিয়ানমারসহ ৩ দেশ 

রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে তিনটি দেশের প্রতিনিধিকে আমন্ত্রণ জানায়নি যুক্তরাজ্য। এই দেশ তিনটি হলো রাশিয়া, মিয়ানমার ও বেলারুশ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে এতথ্য জানা যায়।

বর্তমানে মিয়ানমারের ক্ষমতায় রয়েছে সামরিক জান্তা। মিয়ানমারের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ভয়াবহ নির্যাতন চালানোর জেরে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকায় থাকায় রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের আমন্ত্রণপত্র পাচ্ছেন না দেশটির প্রতিনিধিরা।

এদিকে, চলতি বছর ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরু এবং সেই অভিযানকে সমর্থনের জেরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কোকে রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় আমন্ত্রণ জানায়নি ব্রিটেন সরকার।

প্রসঙ্গত, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৬) গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রানি এলিজাবেথ গ্রীষ্মকালীন আবাস স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসল প্রাসাদে ছিলেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এ প্রাসাদে এক অনুষ্ঠানের মাধ্যমে লিজ ট্রাসকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দেন রানি।

ব্রিটেনকে সবচেয়ে বেশি সময় শাসন করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। লন্ডনের মেফেয়ারে ইয়র্কের ডিউক এবং ডাচেস (পরে রাজা জর্জ এবং রাণী এলিজাবেথ)-এর প্রথম সন্তান এলিজাবেথ আলেকজান্ড্রা ম্যারি।