ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া উত্তেজনাপূর্ণ খেলায় ৪১ রানে পাকিস্তানকে হারিয়ে শিরোপা ধরে রাখার পথে এগিয়ে গেল। দলের হারে বিফলে গেল বাহাতি ফাস্ট বোলার মোহাম্মদ আমিরের পাচ উইকেট দখলের নৈপুণ্য।
অস্ট্রেলিয়া আগের ম্যাচে ভারতের কাছে হারের পর এদিন বিশ্বকাপে নিজেদের চতুর্থ খেলায় এসে তৃতীয় জয় তুলে নিল। এ জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো অজিরা। তিন খেলায় সমান ছয় পয়েন্ট পেলেও ভাল রানরেটের কারণে শীর্ষে আছে নিউজিল্যান্ড।
পাকিস্তান জয়ের জন্য ৩০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গতকাল বুধবার ইংল্যান্ডের টন্টনে অস্ট্রেলিয়াকে দুই দফায় চ্যালেঞ্জে ফেলেছিল। প্রথম দফায় ওপেনার ইমাম উল হক (৫৩) ও মোহাম্মদ হাফিজ (৪৬) লড়াইয়ের পথ দেখিয়েছিলেন। এ দুজনের আউটের পর ওয়াহাব রিয়াজ ও অধিনায়ক সরফরাজ আহমদ অষ্টম উইকেটে ৬৪ রান তুলে জয়ের আশা জাগিয়েছিলেন।
কিন্তু মাইকেল স্টার্ক ৪৫তম ওভারে ওয়াহাব (৩৮ বলে ৪৫) ও আমিরকে আউট করলে হার নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের। অজি বোলারদের মধ্যে প্যাট কামিন্স ৩৩ রান দিয়ে তিন উইকেট নেন। স্টার্কের পাশাপাশি রিচার্ডসনও নেন দুই উইকেট।
ওয়ার্নার বল টেম্পারিংয়ের জন্য এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আসার পর এই প্রথম সেঞ্চুরি (১০৭) হাকালেন। এরই সুবাদে ম্যান অব দ্য ম্যাচ হন তিনি।
পাকিস্তান শিরোপাধারীদের ৪৯তম ওভারে ৩০৭ রানে অলআউট করে দেয়। আমির ৩০ রানে উইকেট পাচটি নেন। বিশ্বকাপে কোন টেস্ট খেলুড়ে দেশের বিরুদ্ধে পাকিস্তানের কারো সেরা বোলিং নৈপুণ্য এটি।
কিন্তু তার আঘাত হানার আগেই দুই ওপেনার ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ প্রথম উইকেটে ১৪৬ রান তুলে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। ২৩তম ওভারে ৮৪ বলে ৮২ রান করা ফিঞ্চকে আউট করে পাকিস্তানের হয়ে প্রথম আঘাত হানেন আমির। তখন ওয়ার্নার ৬১ রানে দাড়িয়ে। আসিফ আলি অবশ্য ফিঞ্চকে ২৬ রানের সময় জীবন দেন।
অধিনায়ক ফিঞ্চের পর স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েল চটজলদি আউট হয়ে গেলেও অপর প্রান্তে একাই লড়ে যান ওয়ার্নার। আগের ম্যাচে মন্থর গতিতে ব্যাট করে ৫৬ রানের বেশি করতে না পারলেও এদিন তিনি বেশ দ্রুততায় সেঞ্চুরি তুলে নেন। তিনি ১১১ বলে ১১টি চার ও এক ছক্কার মারে তিন অংকের ইনিংসটি খেলেন আউট হওয়ার আগে।
অস্ট্রেলিয়ার পরের ব্যাটসম্যানরা অবশ্য অমন শুরুর সুবিধাটা কাজে লাগাতে পারেনি। তাদের শেষ আটটি উইকেট পড়ে যায় ৮৪ রানে।
পাকিস্তানের এ হারের পর ১০ দেশের বিশ্বকাপে অষ্টম স্থানে আছে। বাংলাদেশ আছে তাদের চাইতে এক ধাপ উপরে। পাকিস্তান পরের খেলায় আগামি রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে। এর আগেরদিন শ্রীলঙ্কার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।