দিনাজপুরের কাহারোল উপজেলায় এবার ১০৬টি মণ্ডপে দুর্গা পূজা হবে। মণ্ডপের পাশাপাশি শারদীয় দূর্গাউৎসবের প্রস্তুতি চলছে হিন্দু সম্প্রদায়ের মানুষের ঘরে ঘরে। আগামী ১ অক্টোবর শারদীয় দূর্গাউৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে।
কাহারোল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্রে দেব নাথ জানান, এবার কাহারোল উপজেলায় ১০৬টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গা পূজা। জানা গেছে, মণ্ডপগুলোতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা তৈরির কারিগরেরা। শুধু মণ্ডপে নয় হিন্দু সম্প্রদায়ের বাড়ি বাড়ি চলছে শারদীয় এই দুর্গা উৎসবের প্রস্তুতি। সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে নতুন কাপড় তৈরিসহ আনুষঙ্গিক কাজে ব্যস্ত এই সম্প্রদায়ের মানুষ।
কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান জানান, আসন্ন শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসব মুখর পরিবেশে ধর্মীয় উৎসব পালনে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
কাহারোল থানার ওসি মো. রইসউদ্দিন জানান, কাহারোল থানার পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৬টি ইউনিয়নে ৬ জন বিট অফিসার তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছে।