তালেবান বাহিনী উত্তর পাঞ্জশির প্রদেশে নতুন করে লড়াইয়ের সময় প্রয়াত তালেবান-বিরোধী কমান্ডারের ছেলের নেতৃত্বে একটি আফগান বিদ্রোহী গোষ্ঠীর কমপক্ষে ৪০ যোদ্ধাকে হত্যা করেছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের বরাত দিয়ে এই তথ্য জানায় আরব নিউজ।
মার্কিন বাহিনী প্রত্যাহারের পর কাবুলে ২০২১ সালের সেপ্টেম্বরে প্রদেশটিতে বিজয় ঘোষণা করেছিল তালেবান।
তবে বিদ্রোহী গোষ্ঠীগুলো বলছে, তাদের সঙ্গে তালেবান যোদ্ধাদের সংঘর্ষ চলছে। তবে তালেবান বরাবরই এ যুদ্ধের কথা অস্বীকার করছে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, তালেবান বাহিনীর হাতে তিন কমান্ডারসহ ৪০ আফগানিস্তানের জাতীয় প্রতিরোধ ফ্রন্টের (এনআরএফ) যোদ্ধা নিহত হয়েছে। পাঞ্জশির প্রদেশের রুখা, দারা ও আবশার জেলায় বিদ্রোহীদের বিরুদ্ধে সুইপিং ক্লিয়ারেন্স অপারেশন পরিচালিত হয়েছিল। এতে আরও ১০১ জন বিদ্রোহীকে গ্রেফতার করা হয়েছে। এনআরএফ যোদ্ধারা আসলে কবে নিহত হয়েছে তা তিনি বলেননি।
এনআরএফ যদিও দাবি করছে, তালেবান নিহত যোদ্ধাদের সংখ্যা বাড়িয়ে বলছে। এনআরএফের বৈদেশিক সম্পর্কের প্রধান আলী নাজারির বরাত দিয়ে এজেন্স ফ্রান্স প্রেস (এএফপি) জানায়, তালেবানরা নিহতের সংখ্যা বাড়িয়ে বলছে। এনআরএফের বাহিনীর একটি ছোট দল তালেবানদের হাতে বন্দী ও নিহত হয়েছিল। তাদের বাহিনী শেষ বুলেট পর্যন্ত তুমুল লড়াই করেছে।