মুন্সীগঞ্জে মাদকসেবীর ছুরিকাঘাতে নিহত

মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জের বৌবাজারে বুধবার ছুরিকাঘাতে শাহজালাল (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি হাটলক্ষ্মীগঞ্জ এলাকার মো. উকিলউদ্দিন মোল্লার ছেলে। হাটলক্ষ্মীগঞ্জ বৌবাজার এলাকায় তার মুদি দোকান রয়েছে। এসব তথ্য দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার (সদর সার্কেল) আশফাকুজ্জামান জানান, মঙ্গলবার সন্ধ্যায় হাটলক্ষ্মীগঞ্জে আনসার আলীর ছেলে মাদকসেবী কবির হোসেনকে ভালো হওয়ার পরামর্শ দেন শাহজালাল। এতে কবির শাহজালালের ওপর ক্ষিপ্ত হয় এবং তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে কবির হোসেন বুধবার সকালে প্রকাশ্যে বৌবাজারে শাহজালালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা শাহজালালকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত ডাক্তার আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সযোগে পাঠালে পথেই মারা যান শাহজালাল। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। মাদকসেবী কবির হোসেনকে গ্রেফতারের  চেষ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।