ভারতীয় হাইকমিশনের উদ্যোগে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘে বৃক্ষরোপণ কর্মসূচি

ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতীয় হাই কমিশন গতকাল বুধবার রাজধানীর সবুজবাগে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রীভা গাঙ্গুলি দাশ ও সাবের হোসেন চৌধুরী সংঘের প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন এবং অনুষ্ঠানে বক্তব্য রাখেন। রীভা গাঙ্গুলি দাশ বলেন, মহাত্মা গান্ধী বর্ণিত নারীর ক্ষমতায়ন ও পরিবেশ সুরক্ষা, এই দু’টি বিষয়ে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। পরিবেশ বিষয়ে মহাত্মা গান্ধীর উক্তি আজকের দিনে তার জীবদ্দশার চেয়েও বেশি প্রাসঙ্গিক। অতএব, আমাদের উচিত এই পৃথিবীকে আরো সবুজ ও বাঁচার উপযোগী করে গড়ে তোলার জন্য কাজ করা।-প্রেস বিজ্ঞপ্তি।