মোদি সরকার পাঁচ কোটি সংখ্যালঘুকে শিক্ষা আনুদান দেবে

আগামী পাঁচ বছরে পাঁচ কোটি সংখ্যালঘু শিক্ষার্থীকে আর্থিক অনুদান দেবে ভারতের কেন্দ্রীয় সরকার। এর মধ্যে ৫০ শতাংশই থাকবে ছাত্রী। নরেন্দ্র মোদি সরকারের ?মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এ সিদ্ধান্ত এসেছে। এই প্রকল্পের মাধ্যমে যে সব সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েরা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে, তারা আবার শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ পাবে। দেশের বিভিন্ন নামি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ‘ব্রিজ কোর্স’ করার সুযোগ পাবে তারা। পাশাপাশি সারা দেশের মাদ্রাসা শিক্ষকরা নানা প্রতিষ্ঠান থেকে প্রধান বিষয়ের উপরে প্রশিক্ষণেরও সুযোগ পাবেন। আগামী মাসেই এই প্রকল্প শুরু হচ্ছে।

গত মঙ্গলবার দিল্লিতে অন্ত্যোদয় ভবনে মৌলনা আজাদ এডুকেশন ফাউন্ডেশনের ৬৫তম সাধারণ সভায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদি চাইছেন সব রকম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করুক। শুধু স্কলারশিপ বা আর্থিক অনুদান দেওয়াই নয়, মোদি চান সংখ্যালঘু সম্প্রদায়ের যে মেয়েরা পড়াশোনা মাঝপথে ছেড়ে দিয়েছেন তাদের আবার পড়াশোনার সুযোগ করে দেওয়া।

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকেও আধুনিক করার পরিকল্পনা নিয়েছে মোদি সরকার। নাকভি জানান, আগামী দিনে মাদ্রাসাগুলোতেও যাতে হিন্দি, ইংরেজি, বিজ্ঞান, অংক, কম্পিউটার পড়ানো হয় সে ব্যবস্থা করা হবে এবং মাদ্রাসা শিক্ষকদেরও বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এমনকি রেল, ব্যাংক, কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য সংখ্যালঘু ছাত্রীদের বিনামূল্যে কোচিং ক্লাস করার সুযোগ করে দেবে সরকার।