আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি) গত মঙ্গলবার বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করেছে। এ উপলক্ষে এএফএমসি-তে একটি সেমিনার আয়োজন করা হয়। দিনটি শুরু হয় একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন এর মাধ্যমে। র্যালিটি এএফএমসি এর সামনে থেকে পুরো চত্বর ঘুরে আসে। র্যালি শেষে সেমিনার এর আয়োজন করা হয়। সেমিনারে বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের বিভাগীয়প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রাজ্জাক, প্রশিক্ষক ক্যাপ্টেন মুশফিকা হক মুমু এবং সহকারী রেজিস্ট্রার ডা. কাজী অদ্রি আরাফাত রহমান।
সেমিনারে উপস্থিত ছিলেন চেয়ারপার্সন মেজর জেনারেল মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ লাংগ ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর আলী হোসেন, মেজর জেনারেল আজিজুল ইসলাম, মাদকবিরোধী সংগঠন ‘মানস’ এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর অরুপ রতন চৌধুরী।
শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস
কলেজের ছাত্রীদের সংবর্ধনা
ঢাকা সেনানিবাসস্থ শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে গতকাল বুধবার ২০১৮ সালে উত্তীর্ণ হয়ে বিভিন্ন পাবলিক, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ প্রাপ্ত শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের ছাত্রীদের এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর লজিস্টিকস এরিয়া কমান্ডার ও কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কৃতী ছাত্রীদের প্রত্যেকের হাতে ক্রেস্ট তুলে দেন।
উল্লেখ্য, শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ একটি স্বনামধন্য আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান যা বিগত ১৯৫৭ সাল হতে নারী শিক্ষার উন্নয়নে অবদান রেখে চলেছে। সেনাবাহিনীর পরিচালনায় এবং একটি দক্ষ পরিচালনা পর্ষদের সঠিক দিকনির্দেশনায় পরিচালিত এ প্রতিষ্ঠান হতে ২০১৮ সালে পাসকৃত ১৬ জন ছাত্রী মেডিক্যাল কলেজে, ২৮ জন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এবং ১৭৫ জন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। —আইএসপিআর।