রানি দ্বিতীয় এলিজাবেথকে সমাহিত করতে আবারও সেন্ট জর্জ চ্যাপেলে এসেছেন রাজা তৃতীয় চার্লস। এর আগে যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকাল ৫টার দিকে রানির কফিন সেন্ট জর্জ চ্যাপেলে রেখে চলে যান রাজা ও রাজপরিবারের সদস্যরা। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় আবারও তারা ফিরে আসেন।
তবে আয়োজনের এই অংশটি 'পারিবারিকভাবে গোপনীয়' আখ্যা দিয়ে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি বাকিংহাম প্যালেস। টেলিভিশন চ্যানেল বা মিডিয়াতেও এটি সম্প্রচার করা হচ্ছে না। খবর বিবিসির।
রানির মৃত্যুর পর শুরু হওয়া আড়ম্বর আয়োজনের সমাপ্তি ঘটছে আজ। রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথকে তার স্বামী ফিলিপের সমাধির পাশে সমাহিত করা হচ্ছে। রাজা তৃতীয় চার্লস, রাজপরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলের অভ্যন্তরে অবস্থিত রাজা ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেল সমাধিতে রানিকে যুক্তরাজ্যের স্থানীয় সময় সোমবার সাড়ে ৭টার কিছু সময় পর (বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১২টা) সমাহিত করারা কথা রয়েছে।
এসময় ব্রিটেনের রানির ব্যক্তিগত দফতরের সাবেক ও বর্তমান কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রানির সমাধির ওপর খোদাই করা মার্বেলের ফলক যুক্ত করা হয়েছে, যেখানে লেখা আছে ‘দ্বিতীয় এলিজাবেথ ১৯২৬-২০২২’।