ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের হেনস্তা ও ভোগান্তির প্রতিবাদে সংগঠিত আন্দোলনে আরমানুল হক নামে এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহবুবুর রহমান লিটুর বিরুদ্ধে। হেনস্তার ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। হেনস্তার প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে প্রতিবাদ ও সহকারী প্রক্টরের পদ থেকে অব্যাহতির দাবি জানিয়েছে ঐ শিক্ষার্থী। আরমানুল হক ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক।
গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনিয়ম বন্ধে ৮ দফা দাবিতে অনশনরত হাসনাত আব্দুল্লাহকে দেখতে আসেন সহকারী প্রক্টর মাহবুবুর রহমান লিটু। অনশনস্থলে থাকা শিক্ষার্থীরা সহকারী প্রক্টরের সঙ্গে কথা বলতে গেলে উপাচার্য ও প্রক্টরকে ‘স্যার’ না বলে শুধু ‘ভিসি, প্রক্টর’ বলায় শিক্ষার্থীদের সঙ্গে তর্কে জড়ান। শিক্ষার্থীরা জানায়, ‘ভিসি ও প্রক্টর এলে হাসনাত অনশন ভাঙতেন।’ এ কথার পর সহকারী প্রক্টর মাহবুবুর রহমান ঐ শিক্ষার্থীর ওপর চড়াও হয়ে বলেন, ‘এই ব্যাটা তোর কথায় আসবে? ভিসি কে? স্যার বল।’
আরমানুল হক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের পিতৃতুল্য। আমরা শিক্ষকদের থেকে আচার-ব্যবহার শিখব, উন্নত মূল্যবোধ, গণতান্ত্রিক মত-পথের দীক্ষা নেব। কিন্তু আমাদের শিক্ষকরা আমাদের সঙ্গে ব্যবহার করছেন তার উলটো, তারা আমাদেরকে দেখাচ্ছেন উচ্ছৃঙ্খল, বদমেজাজি, ঘৃণ্য রূপ। আমরা এ শিক্ষকদের কাছ থেকে কি শিখতে পারব।
তিনি জানান, আমি আজকে রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়েছি। আমি সহকারী প্রক্টর পদ থেকে ঐ শিক্ষকের অব্যাহতি চাই। আগামী রবিবার আমি প্রক্টর স্যার বরাবর লিখিত অভিযোগ দেব।