ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শুরুর বিষয়ে সুখবর নেই

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ ম্যাচ শুরুর বিষয়ে স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত কোনো সুখবর নেই। নটিংহ্যামে বিরতি দিয়ে বৃষ্টি ফিরে আসছে। যে কারণে বারবার মাঠ পরিদর্শনের সময় নির্ধারণ করলেও খেলা শুরুর ব্যাপারে কোনো সুখবর দিতে পারেননি ম্যাচ অফিসিয়ালরা।

ইতোমেধ্যে সংশ্লিষ্টরা মধ্যাহ্ন ভোজ সেরেছেন। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচ অফিসিয়ালদের মাঠ পরিদর্শনের কথা ছিল। তবে ম্যাচ শুরুর বিষয়ে তারা কিছু জানাতে পারেননি। যে কারণে খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল, সাংবাদিক ও মাঠে আসা দর্শকরা অলস সময় পার করছেন।

প্রথম তিন ম্যাচ জেতা নিউজিল্যান্ডের এটি শীর্ষস্থান রক্ষার লড়াই। অপরদিকে প্রথম দুই ম্যাচের দুটিতেই জয় পাওয়া ভারতেরও এটি শীর্ষে পৌঁছার লড়াই ছিল। দারুণ ফর্মে থাকা দুটি দলের এই লড়াইয়ে বাগড়া দিল বেরসিক বৃষ্টি।

বিশ্বকাপের এই আসরে ইতোমধ্যেই রেকর্ড তিনটি ম্যাচ বৃষ্টির কবলে পড়ে পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলো বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এরমধ্যে দুটি ম্যাচে টসও করা যায়নি। তাই বর্ষাকালে ইংল্যান্ডে বিশ্বকাপ আয়োজন নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে আইসিসি।

এর আগে বৈরি আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি দুটি করে ম্যাচ পরিত্যক্ত হয় ১৯৯২ ও ২০০৩ বিশ্বকাপে।

ইত্তেফাক/কেআই