বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ ঘিরে উত্তেজনা বিরাজ করে সমর্থক থেকে শুরু করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে। সেই উত্তেজনা কখনো কখনো দৃশ্যমান হয় ওঠে মাঠে। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়। বার্সা-মাদ্রিদ খেলোয়াড়দের মাঠে হাতাহাতিতে জড়িয়ে পড়া ছিল নিয়মিত ঘটনা। তবে, মাঠের সেই হাতাহাতি গড়িয়েছিল ব্যালন ডি’অরের অনুষ্ঠানের ড্রেসিং রুমে।
সাবেক বার্সেলোনা তারকা দানি আলভেজ হাতাহাতিতে জড়িয়েছিলেন সাবেক মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। হাতাহাতির সেই ঘটনা কখনো প্রকাশ্যে না আসলেও এবার সেই ঘটনাটি নিজেই প্রকাশ করলেন বার্সেলোনার সাবেক ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজ। সেই হাতাহাতি প্রসঙ্গে সম্প্রতি একটি পডকাস্ট সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একটি বিতর্কিত ঘটনা ঘটেছিল, যা কখনো প্রকাশ্যে আসেনি। ব্যালন ডি’অর অনুষ্ঠানের ড্রেসিংরুমে আমাদের মধ্যে হাতাহাতি হয়েছিল। আমি সবাইকে শুভেচ্ছা জানিয়েছিলাম। তবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দ্বৈরথের কারণে সে (রোনালদো) আমাকে শুভেচ্ছা জানায়নি।’
তবে, এমন ঘটনার পরেও রোনালদোর প্রতি কোন বিদ্বেষপূর্ণ মনোভাব ধরে রাখেননি সাবেক এই বার্সা রাইটব্যাক। রোনালদোর প্রতি সম্মান জানিয়ে বলেন, ‘কীভাবে সেই মানুষটিকে সম্মান না করে থাকতে পারি, যে কিনা কঠিন পরিশ্রমে এত কিছু অর্জন করেছে এবং নিজের মনপ্রাণ এখানে ঢেলে দিয়েছে? আমি ক্রিস্টিয়ানোকে ভালোবাসি। আমরা এখন বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদে খেলি না। মনে হয় আমরা কথাও বলতে পারি।’