পাবনার সুজানগরের সাতবাড়ীয়া বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনি দখল করে চলছে জমজমাট গ্যাস সিলিন্ডারের ব্যবসা। এতে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, ৪/৫ বছর আগে যাত্রীদের দুর্ভোগ কমাতে জাইকার অর্থায়নে সাতবাড়ীয়া বাসস্ট্যান্ডে নির্মাণ করা হয় একটি যাত্রী ছাউনি। বিশেষ করে স্ট্যান্ডে বাস আসার আগ পর্যন্ত যাত্রীদের যাতে রোদ-বৃষ্টি মাথায় করে বাসের জন্য অপেক্ষা করতে না হয় সে জন্য যাত্রী ছাউনিটি নির্মাণ করা হয়। কিন্তু বেশ কিছুদিন হলো আলাউদ্দিন ওরফে আলাই নামে জনৈক ব্যক্তি ওই যাত্রী ছাউনি দখল করে জমজমাটভাবে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করছেন।
ভুক্তভোগী যাত্রী আব্দুস সুবহান বলেন, আগে স্ট্যান্ডে বাস আসার আগ পর্যন্ত ওই যাত্রী ছাউনিতে বসতে বা দাঁড়াতে পারতাম। কিন্তু বর্তমানে তা ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হওয়ায় সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। বিশেষ করে এ ক্ষেত্রে মহিলা যাত্রীদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী বলেন, খোঁজ খবর নিয়ে যাত্রী ছাউনি থেকে গ্যাস সিলিন্ডার অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।