টানা দ্বিতীয়বারের মত বিশ্বকাপে খেলতে না পারা ইতালির সামনে সান্তনা হয়ে দেখা দিয়েছে ন্যাশনস লিগের সাফল্য। এদিকে, ইতালির কাছে হেরেই ন্যাশনস লিগের সেমিফাইনাল খেলার স্বপ্ন ভেঙ্গেছে হাঙ্গেরির।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বুদাপেস্টে স্বাগতিক হাঙ্গেরিকে ২-০ গোলে পরাজিত করে উয়েফা ন্যাশনস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইতালি। এই জয়ে গ্রুপ-এ৩’তে হাঙ্গেরিকে ১ পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে শেষ চারে উঠেছে আজ্জুরিরা।
আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয় পাওয়া ম্যাচটিতে জয়সূচক গোল করা জিয়াকোমো র্যাসপাদোরি এই ম্যাচেও প্রথমে লিড এনে দেন ইতালিকে। ম্যাচের ২৭ মিনিটে হাঙ্গেরির ভুল পাসের সুযোগ নিয়ে উইলফ্রিড জিনোটো বল ছিনিয়ে নিয়ে বল বাড়ান র্যাসপাদোরির দিকে। সেই বল থেকে গোল করে দলকে এগিয়ে নেন র্যাসপাদোরি।
গ্রুপ-এ৩’র শীর্ষে থেকেই কাল মাঠে নেমেছিল হাঙ্গেরি। তারাও ভালোই লড়াই করেছে। কিন্তু ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মার কারনে গোল্মুখে এসেও আটকে যেতে হয়েছে তাদের।
ম্যাচের দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই নিজেদের লিড বাড়িয়ে নেয় ইতালি। ম্যাচের ৫২ মিনিটে ব্রায়ান ক্রিস্টেন্টের ক্রস থেকে ফেডেরিকো ডিমারকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইতালি। ইতালির জার্সি গায়ে ডিমারকোর এটি প্রথম আন্তর্জাতিক গোল।
ম্যাচের বাকি সময়টা আক্রমণ-প্রতি আক্রমণে খেলা হলেও আর কোনো দলই জালের ঠিকানা খুঁজে পায়নি।
২-০ গলের জয়ে গ্রুপে সনবার উপরে থেকেই ন্যাশনস লিগের শীর্ষস্থান নিশ্চিত করলো ইতালি। অন্যদিকে এবারের আসরে নতুন রূপে দেখা দেওয়া হাঙ্গেরির জন্য আক্ষেপ হয়ে থাকবে মাত্র ১ পয়েন্ট। ইতালির থেকে ১ পয়েন্ট পিছিয়ে থেকেই বাদ পড়তে হলো হাঙ্গেরিকে।