ইউক্রেনে যুদ্ধ বিদ্যমান রাখতে রিজার্ভ সেনাদের ডাকার ক্ষেত্রে কিছু ত্রুটি হয়েছে বলে স্বীকার করেছে ক্রেমলিন। সেনা সমাবেশ নিয়ে রাশিয়ার ভেতরেই ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভ চলছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।
পেসকভ বলেন, 'ডিক্রি লঙ্ঘনের কিছু ঘটনা ঘটেছে। সব ত্রুটি ঠিক করে নেওয়া হচ্ছে।' ডিক্রিতে কেবল সামরিক বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন রিজার্ভ সদস্যদের ডাকার কথা থাকলেও একাধিক খবরে বাহিনীতে কাজের অভিজ্ঞতা নেই, বেশি বয়সী ও প্রতিবন্ধী ব্যক্তিদেরও ডাকা হয়েছে বলে জানা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে পুতিন আংশিক সেনা সমাবেশের নির্দেশ দেওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানান, তারা রিজার্ভ থেকে সর্বোচ্চ তিন লাখ লোককে ডাকবেন।
ক্রেমলিনের মূল ওয়েবসাইটে পুতিনের ডিক্রির যে সংস্করণ প্রকাশ হয়েছে, তাতে রিজার্ভ থেকে কত সেনা নেওয়া হবে তার সুনির্দিষ্ট সংখ্যা না থাকায় সরকারবিরোধী একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে ১০ লাখের মতো সেনা নেওয়া হতে পারে বলে ধারণা দেওয়া হয়। এরপরই রাশিয়ার বিভিন্ন অংশে সেনা সমাবেশ বিরোধী প্রতিবাদ শুরু হয়।
ইউক্রেন ও পশ্চিমা একাধিক দেশের সামরিক বিশেষজ্ঞরা বলেন, রিজার্ভ সেনা সমাবেশের ডাক প্রমাণ করছে যে গত সাত মাসের ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যাপক মার খেয়েছে। সেনা সমাবেশের নির্দেশ দেওয়ার পর রাশিয়া জুড়ে বিভিন্ন বিক্ষোভ থেকে দুই হাজারেরও বেশি মানুষকে আটক করার খবর পাওয়া গেছে।
সোমবার এক সাক্ষাতকারে পুতিনের মুখপাত্র পেসকভ তাদের প্রক্রিয়ায় কিছু ভুল থাকার কথা স্বীকার করে নিয়ে বলেন, 'পরিস্থিতি শুধরে নিতে কিছু অঞ্চলের গভর্নররা সক্রিয়ভাবে কাজ করছেন।' দেশের কোথাও জরুরি অবস্থা জারি হয়েছে কিনা বা সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে অবগত নন বলেও জানান ক্রেমলিনের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।