নিখিল-সান্ত্বনার হাতে নগদের ১০১ টি বই 

বগুড়া শহরের খান্দার এলাকার একটা ছোট্ট গলির ভেতরের বাসা। বিকাল বেলাতেও তেমন আলো ঢুকছে না বাসাটাতে। তার পরও হঠাৎ করেই পুরো বাসা আলোকিত হয়ে উঠল সান্ত্বনা খাতুনের হাসিতে। সামনে এক বাক্স বই দেখে চিৎকার করে উঠলেন, 'বই ! এত্তো বই একসঙ্গে। আমার জীবনে এত আনন্দের দিন আর আসেনি।' সান্ত্বনা খাতুনের এই আনন্দের দিনটা এনে দিয়েছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদ। 

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর -এ মিশুকের পক্ষ থেকে নিখিল নওশাদ ও সান্ত্বনা খাতুন দম্পতির হাতে গত ২৩ সেপ্টেম্বর শুক্রবার তুলে দেওয়া হয়েছে ১০১ টি বই । আর এই বই নিয়ে উচ্ছ্বাসে সময় কাটালেন নববিবাহিত এই জুটি। 

ঘটনার শুরু হয়েছিল সান্ত্বনা খাতুনের অভিনব এক চাহিদার ভেতর দিয়ে। বগুড়ার একটি ওষুধ কোম্পানির সেলস এক্সিকিউটিভ নিখিল ব্যক্তিজীবনে একজন কবি। তার কবিতা পড়ে প্রেমে পড়েছিলেন ইংরেজি শিক্ষিকা সান্ত্বনা । দুই জনেই দারুণ বইপ্রেমী। তাই বিয়ের সময় আর দশ জনের মতো দেনমোহরে টাকা না চেয়ে সান্ত্বনা দাবি করলেন ১০১ টি বই। 

তিনি বললেন, 'অনেক টাকা কাগজে লিখে রেখে তো লাভ নেই । যেটা আমাদের পছন্দ, সেই বইটাই তাই চাইলাম।' এই অদ্ভুত দেনমোহরের চাহিদার কথা সারা দেশে ছড়িয়ে পড়লে ঘটনাটা নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মিশুকের দৃষ্টি আকর্ষণ করে। তিনি একটি তালিকা করে দেশ-বিদেশের সেরা ১০১ বই নির্বাচন করে তা পাঠিয়ে দিলেন নিখিল-সান্ত্বনার কাছে। 

নিখিল-সান্ত্বনার হাতে নগদের ১০১ টি বই

এই তালিকায় আছে মুক্তিযুদ্ধ - বিষয়ক বই , আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বই এবং বাংলাদেশ ও বিশ্বসাহিত্যের সব গুরুত্বপূর্ণ লেখকের বই আছে। এই বই পাঠানোর মতো অভিনব উদ্যোগ নেওয়া প্রসঙ্গে তানভীর- এ-মিশুক বলেন, 'নিখিল ও সান্ত্বনা আমাদের সামনে একটা উদাহরণ তৈরি করেছেন। কিছুদিন আগেও আমরা ভাবছিলাম , বাংলাদেশ থেকে বা গোটা বিশ্ব থেকেই হয়তো বই পড়ার চল উঠে যাচ্ছে । কিন্তু এই দুই তরুণ তরুণী আমাদের চোখ খুলে দিয়েছেন। আমরা বিশ্বাস করি যে , জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। যদি বাংলাদেশে নিখিল - সান্ত্বনার মতো তরুণ - তরুণীরা এভাবে এগিয়ে আসেন , তাহলে তা বাংলাদেশেও প্রতিষ্ঠিত হবে। 

যেহেতু নগদ উদ্ভাবন - জ্ঞান নিয়ে কাজ করে , তাই আমরা চেষ্টা করেছি , সামান্য উপহার তাদের হাতে পৌঁছে দিতে। আমরা বিশ্বাস করি, নিখিল ও সান্ত্বনা যে উদাহরণ তৈরি করলেন , তাতে বাংলাদেশের আনাচেকানাচে বই পড়ার এই অভ্যাস পৌছে যাবে। ' নিখিল ও সান্ত্বনাও সেটি চান। তারা কেবল নিজেদের স্বার্থে এই বইয়ের কথা বলেননি। তারা চেয়েছেন একটা পাঠাগার পড়ে তুলতে। সেই পাঠাগারের ভিত্তি হবে এই ১০১ টি বই। 

নিখিল যেমন বলছিলেন, ' দীর্ঘকাল ধরে বই আমার বড় সঙ্গী। সান্ত্বনা তাই যখন ১০১ টি বই দেনমোহর চাইল, সেটা আমার জন্য আনন্দের ব্যাপার ছিল। আমরা ইতিমধ্যে কিছু বই সংগ্রহ করেছি। তবে আজ নগদ যা করল, তার তুলনা হয় না। আমরা মুগ্ধ হয়েছি এই বিশাল বইয়ের সম্ভার দেখে।' 

সান্ত্বনা এই ১০১ বইয়ের ব্যাখ্যা দিতে গিয়ে বলছিলেন, ' আমরা একটা বড় পাঠাগার গড়ে তুলব। সেখানে অনেক বই থাকবে। শুরু করার জন্য আমি ১০১ বই চেয়েছিলাম। নগদ আজ আমাদের স্বপ্নটা বড় করে দিল। আমার প্রিয় বই 'ওয়ার অ্যান্ড পিস' থেকে শুরু করে সব বই এখানে আছে। আমি খুব আনন্দিত।'