শাহবাগে ছুরিকাঘাতে তৃতীয় লিঙ্গের নিলা নিহত

রাজধানীর শাহবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তৃতীয় লিঙ্গের আব্দুস সাত্তার ওরফে নিলার (২৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিফাত (১৪) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রাত দুইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলার তেলিয়েনপাড়া গ্রামে বলে জানা গেছে।

নিহত নিলার সহকর্মী একজন জানান, আমরা ব্রিজের উপরে রাতে আড্ডা দিচ্ছিলাম। এ সময় দুই যুবক আমাদের দেখে আজেবাজে কথা বলতে থাকেন। আমরা এর প্রতিবাদ করায় তারা নীলার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় নীলাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। রাত ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, বিষয়টি জানতে পেরেছি। এ ঘটনায় সিফাত নামে এক কিশোরকে আটক করা হয়েছে।