টেনিস কোর্টকে বিদায় জানানো কিংবদন্তি সুইস তারকা রজার ফেদেরারকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। কোহলির সেই বার্তার জবাবও দিয়েছেন ফেদেরার। খুব শীঘ্রই ভারতে আসার ইচ্ছাও ব্যক্ত করেছেন ফেডএক্স।
ফেদেরারকে উদ্দেশ্য করে টুইটারে এক ভিডিও বার্তায় কোহলি বলেন, ‘প্রিয় রজার, তোমাকে এই ভিডিও বার্তা পাঠাতে পেরে আমি গর্বিত। অসাধারণ একটা টেনিস জীবনের জন্য অনেক ধন্যবাদ তোমাকে। তুমি অনেক সুন্দর মুহূর্ত এবং স্মৃতি উপহার দিয়েছো আমাদের।’
তিনি আরও বলেন, ‘২০১৮ অস্ট্রেলিয়ান ওপেনে ব্যক্তিগতভাবে তোমার সাথে দেখা করার সৌভাগ্য হয়েছিল আমার। জীবনে কখনও আমি সেটা ভুলব না। তোমার খেলা দেখতে গিয়ে একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভাল লেগেছে। সেটা হল শুধু টেনিস সমর্থক নয়, গোটা বিশ্বের এত মানুষ তোমাকে ভালবাসে, সমীহ করে। আর কোনও ক্রীড়াবিদের ক্ষেত্রে এ জিনিস আমি দেখিনি। এটা তৈরি করা যায় না, এটা আপনা আপনি হয়ে যায়।’
কোহলির এমন আবেগী বার্তায় অভিভূত হয়ে জবাব দিয়েছেন ২০বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফেদেরার লিখেছেন, ‘ধন্যবাদ কোহলি, আমি আশা করছি শীঘ্রই ভারতে আসবো আমি।’
গত ২৪ সেপ্টেম্বর লেভার কাপে ২২ গ্র্যান্ড স্লামের মালিক স্প্যানিশ তারকা নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের সাথে ডাবলস খেলার পর টেনিস থেকে অবসর নেন ফেদেরার।