৩০০ আসনে প্রার্থী দেবে খেলাফত আন্দোলন

বাংলাদেশ খেলাফত আন্দোলন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবেই ৩০০ আসনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির আমির আতাউল্লা হাফেজ্জী।

শনিবার (১ অক্টোবর) কামরাঙ্গীচর জামিয়া নুরিয়া মাদ্রাসায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে উমুমীর (সাধারণ পরিষদ) সদস্য সম্মেলনে এ কথা বলেন তিনি। যদিও বর্তমান সংসদ এবং স্থানীয় কোনো পর্যায়ে দলটির কোনো জনপ্রতিনিধি নেই।  

দলটির আমীর আল্লামা আতাউল্লা হাফেজ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সারা দেশের জেলা আমীর, সাধারণ সম্পাদকসহ আগামী নির্বাচনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে বটগাছ প্রতীকে প্রার্থী হতে ইচ্ছুক এমন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যাবধি সব নির্বাচনেই খেলাফত আন্দোলন অংশগ্রহণ করে আসছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও খেলাফত আন্দোলন অংশগ্রহণ করবে।

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী আরও বলেন, দলটির প্রতিষ্ঠাতা হাফেজ্জী হুজুর যে উদ্দেশ্য নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন আমরাও সবাই একই উদ্দেশ্য নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো। আপনারা সবাই সবাই নিজ নিজ এলাকায় নির্বাচন করার প্রস্তুতি নেবেন। 

সাংগঠনিক সম্পাদক সুলতান মহিউদ্দিন বলেন, সংগঠনকে শক্তিশালী করতে এখন থেকেই থানা, ইউনিয়নে সাংগঠনিক কমিটি গঠন করা হবে। ওলামা ও সুধী সম্মেলনের মাধ্যমে নিজ নিজ নির্বাচনী এলাকায় খেলাফত আন্দোলনের প্রার্থীদের প্রচারণা চালাতে আহবান জানান । 

মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, আমরা নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করবো এবং যেসব আসন ফাঁকা আছে সেগুলোও পূরণ করার চেষ্টা করবো।