বিজয়নগরে ট্রাক চাপায় ২ সিএনজি আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও মাইক্রোবাসের চাপায় ২ জন সিএনজি আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। রোববার (২ অক্টোবর) সকালে উপজেলার শশুই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের স্বপনের ছেলে সুমন (৩০) ও গোরান্গ নাথের ছেলে মোহন নাথ (৩১)।  

ওসি সুখেন্দ্র বসু বলেন, সকাল সাড়ে ৯ টার দিকে শশুই নামক স্থানে মাধবপুরগামী সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ট্রাক চাপা দিলে ২ জন সিএনজি আরোহী নিহত হয়। সঙ্গে সঙ্গে পেছন দিক থেকে আসা মাইক্রোবাসের ট্রাকের সাথে সংঘর্ষ হলে মাইক্রোবাসের প্রায় ১০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধারে কাজ চলছে।