নতুন গান নিয়ে ফিরছেন অনিক

তরুণ কণ্ঠশিল্পী অনিক সাহান। ২০১৩ সালে ‘জনম জনম’ শিরোনামের গানে সবার নজর কাড়েন তিনি। সেই গানটির সাথে কণ্ঠ মিলিয়েছিলেন আরেক জনপ্রিয় গায়িকা সাবরিনা সাবা। ‘জনম জনম তোমাকেই কাছে পেতে চাই, তুমি ছাড়া এ জীবনে আপন কেহ নাই’- কথামালার গানটি শ্রোতাদের মুখে মুখে ছিল তখন।

‌‘জনম জনম’ গান প্রকাশের পর ক্যারিয়ারে সাফল্য যখন হাতছানি দিচ্ছিলো এ গায়ক তখন আড়ালে চলে যান। জানা যায় ২০১৪ সালে হঠাৎ প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন, তাৎক্ষণিক তাকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয় অ্যামেরিকার নিউ জার্সিতে। দেশে ফিরে আসেন পরের বছরই।

কিন্তু দূর্ভাগ্য দেশে ফেরার পথে তিনি আবার রোড এক্সিডেন্টের শিকার হন। গুরুতর অসুস্থ হয়ে  বিভিন্ন থেরাপি নেয়ার কারণে গানে মনোনিবেশ করতে পারেননি তিনি। অতপর চলতি বছরের শুরুতে দীর্ঘ ৮ বছর পর নতুন উদ্যমে শুরু করেন নতুন করে সংগীতে পথচলা।

অনিক সাহান

আনিক সাহান জানান, ‘সেই ২০১৩ সালের কথা মনে পরলে খুব খারাপ লাগে। কিভাবে সবার মাঝে নিজেকে চিনিয়েছিলাম। কিন্তু ভাগ্য এভাবে আমাকে আড়ালে নিয়ে যাবে ভাবতেই পারিনি। তবু ভাগ্যের কাছে হারিনি, গান নিয়মিত চালিয়ে গিয়েছি নিজের মতো করে। আনন্দের খবর হলো নতুন গান নিয়ে ফিরছি। এরই মধ্যে তিনটি গানের ভিডিও শুটিং শেষ হয়েছে। সবগুলো গানই চট্টগ্রামের বিভিন্ন মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে শুট করা। তিনটি গানই এ কিছুদিনের মধ্যেই প্রকাশ করব আমার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘অনিক সাহান’ থেকে।’