যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের করোনা মুক্তির জন্য কুরআন খতম, বিশেষ দোয়া ও মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবারের ব্যবস্থা করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।
সোমবার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর উদ্যোগে পূর্ব গোড়ান দারুল উলুম মাদ্রাসায় বাদ ফজর কুরআন খতম ও বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আখতার হোসাইন। দোয়ার আগে ৩০ জন হাফেজ পবিত্র কুরআন খতম করেন। এর পর মাদ্রাসায় অবস্থান করা এতিম শিক্ষার্থীসহ ২০০ শিক্ষার্থীর জন্য তিন বেলা উন্নত খাবারের ব্যবস্থা করা হয়।
দোয়া-মোনাজাতে রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারসহ ১৫ আগস্ট ও মহান মুক্তিযুদ্ধে নিহত সব শহিদ এবং শেখ ফজলে শামস পরশের পিতা শেখ ফজলুল হক মণি ও মা আরজু মণির রুহের মাগফিরাতও কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, দক্ষিণ যুবলীগের উপপরিবেশবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম হৃদয়, উপ-মুক্তিযুদ্ধাবিষয়ক সম্পাদক খন্দকার রিয়াজ উদ্দিন ফালান, সহসম্পাদক জাহাঙ্গীর মোল্লার, দারুল উলুম মাদ্রাসা সভাপতি মহিবুল ইসলাম পিয়াল প্রমুখ।