ইসরায়েলি সামরিক বাহিনী দেশটির পশ্চিম তীরের মধ্যাঞ্চলের রামাল্লাহ শহরের কাছে অভিযানের সময় গুলি চালিয়ে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। সোমবার (৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, উত্তর রামাল্লাহর জালাজোন শরণার্থী শিবিরের কাছে গাড়িতে থাকা দুই ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা।
ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, নিহতদের মধ্যে একজনের নাম বাসেল কাসেম বাসবোস (১৯) এবং অপরজনের নাম খালেদ ফাদি আনবার (২১)। এছাড়া ইসরায়েলি সেনাদের গুলিতে রাফাত হাবাস (১৯) নামের এক তরুণ আহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী হত্যাকাণ্ডের পর ওই দুই তরুণের মরদেহ নিয়ে গেছে। পাশাপাশি আহত ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, জালাজোনে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছিলেন সেনারা। এ সময় ওই তিন তরুণ সেনাদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন। পরে তাদের গুলি করে হত্যা করা হয়।
তবে ইসরায়েলি সামরিক বাহিনীর এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।