মন্দির থেকে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় সুমি (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক কাঞ্চন (৩৮) ও তার সন্তান সুকর্ণ (২)।
সোমবার (৩ অক্টোবর) রাত ১০টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির মুরইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, আদমদীঘি পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠকমি ও উপজেলার কাঞ্চনপুর গ্রামের বিনয় চন্দ্র মোহন্তের ছেলে কাঞ্চন। চাকরির সুবাদে আদমদীঘি সদরে বাসা ভাড়া নিয়ে থাকতেন।
গত সোমবার বিকালে স্ত্রী ও সন্তান নিয়ে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি কাঞ্চনপুরসহ কয়েকটি পূজা মন্ডপ ঘুরে রাত ১০টার দিকে আদমদীঘির বাড়ি ফেরার পথে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির মুরইল বাসষ্ট্যান্ডের পশ্চিম পাশে পৌছালে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ৩ জনই ছিটকে পড়েন মহাসড়কে।
স্থানীয়রা অচেতন অবস্থায় তিনজনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক সুমিকে মৃত ঘোষণা করেন।
স্বামী কাঞ্চন ও দুই বছরের সন্তান সুকর্ণ গুরুত্বর আহত হলে তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।