পল্লবীতে ছিনতাইকারি ও চাঁদাবাজ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজধানীর পল্লবীতে চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তাদের প্রতিনিয়ত এসব কর্মকাণ্ডে আতঙ্ক বিরাজ করছে। এর সঙ্গে যোগ হয়েছে কিশোর গ্যাং কালচার। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে এসব সন্ত্রাসীদের মধ্যে দুএকজন ধরা পড়লেও বাকিরা তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে এই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেপ্তারে তৎপর রয়েছে বলে পুলিশ দাবি করেছে। চাঁদাবাজ, ছিনতাইকারী ও কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতারের দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে স্থানীয় বসিন্দারা অভিযোগ করেন, পল্লবী এলাকার শীর্ষ সন্ত্রাসী মাকসুদ ওরফে পিস্তল মাকসুদের  নেতৃত্বে চাঁদাবাজি, দখলবাজি ছিনতাই মাদক ব্যবসাসহ নানা অপকর্মে এলাকাবাসী অতিষ্ট। তার ছত্রছায়ায় কিশোর গ্যাংয়ের অপরাধীরা হামলা খুনসহ নানা অপকর্ম চালিয়ে আসছে। এলাকার জনৈক ফারুক হোসেন  নেপথ্যে থেকে তাদের শেল্টার দিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। মানববন্ধন কর্মসূচি থেকে সন্ত্রাসীদের দ্রুত  গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানানো হয়।

এ ব্যাপারে পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, ইতিমধ্যে ছিনতাই চাদাবাজি ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। এলাকায় পোশাকে ও সাদা পোশাকে নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি টহলও জোরদার করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।