এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলে ‘ই’ গ্রুপে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। কমলাপুর স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় বাংলাদেশের কিশোর ফুটবলাররা মাঠে নামার আগে একই মাঠে বিকাল ৪টায় ইয়েমেন এবং সিঙ্গাপুর মুখোমুখি হবে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার অঙ্ক কষছে বাংলাদেশ ফুটবল দল। দলের কোচ পল স্মলি হিসাবটা দেখছেন এভাবে যে, আজকে সিঙ্গাপুর যদি ইয়েমেনের বিপক্ষে ড্র করে এবং বাংলাদেশ যদি ভুটানের বিপক্ষে ম্যাচ জেতে। তাহলে পয়েন্ট টেবিলের টপে চলে যাবে বাংলাদেশ। ইয়েমেন থেকে ২ পয়েন্ট এগিয়ে থাকবে। আগামী রবিবার শেষ ম্যাচে ইয়েমেনের বিপক্ষে ড্র করলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে। এটাই হচ্ছে সহজ হিসাব। বাংলাদেশ চাইছে গ্রুপ চ্যাম্পিয়ন না হলেও যেন টুর্নামেন্টের সেরা ছয় রানার্সআপ দলের একটি হতে পারে। তাহলে চূড়ান্ত পর্বের টিকিট পাওয়ার সম্ভাবনা থাকবে।
কোচ পল স্মলি এতো দূর নিয়ে ভাবনার চেয়ে বরং আজকের ম্যাচেই নিজেকে ধরে রাখতে চান। যদিও বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ কিশোর ফুটবল দল আজ মাঠে গিয়ে সিঙ্গাপুর-ইয়েমেন ম্যাচের অনেকাংশই দেখার সুযোগ পাবেন, তার পরও প্রার্থনা থাকবে ম্যাচটা ড্র হলে বাংলাদেশের জন্য সুবিধা।
চার দেশের লড়াই হচ্ছে। এরই মধ্যে সব দেশের পারফরম্যান্স দেখা হয়ে গেছে। ইয়েমেন ৮-০ গোলে ভুটানকে হারালেও তারাই শক্তিশালী দল। ইয়েমেনের ফুটবলারদের পাসিং, ডজ, ছকে রেখে খেলাটাকে গড়ে তোলার যে পরিকল্পনা তা ফুটবল দর্শকদের মন কেড়েছে। ইয়েমেনের খেলোয়াড়রাও শারীরিকভাবে শক্তিশালী। লম্বা গড়নের। খেলেন লম্বা পাসে। তাদের খেলা সবার নজর কেড়েছে। আর সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ২-১ গোলে জিতলেও বাংলাদেশ কোনো গোল করতে পারেনি।
সিঙ্গাপুর আত্মঘাতী গোলে পিছিয়ে গিয়ে তারা গোল করে ১-১ সমতা এনেছে এবং আবার সেই সিঙ্গাপুর নিজেদের ভুলে দ্বিতীয় আত্মঘাতী গোল হজম করে ম্যাচটা হেরেছে। এই দুঃখ তারা ভুলতে পারছে না। বাংলাদেশের বিপক্ষে সিঙ্গাপুর প্রথমার্ধে সুবিধা করতে পারেনি। খেলাটা বুঝতে গিয়ে সময় লেগে গিয়েছিল। সেই সুযোগটা কাজেও লাগাতে পারেনি স্বপন, চন্দন, নাজিম, গোলকিপার সোহানুর, রানা, মিরাজুল, মুর্শেদ, অধিনায়ক ইমরান খান, রুবেলরা। সারাক্ষণ বল দখলে রেখে গোল করতে না পারলেও নিজেদের ভুলে সিঙ্গাপুরের গোল হজমে এগিয়ে যায় বাংলাদেশ। সেটিও ধরে রাখতে পারেনি। গোল হজম করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে সিঙ্গাপুরের খেলার ধরন বদলে যায়। তার পরও ভালোই খেলছিল বাংলার কিশোর ফুটবলাররা। সেখানেও আত্মঘাতী গোলে বাংলাদেশ ম্যাচ জিতলেও সিঙ্গাপুর ছাপ রেখে গেছে। মানিয়ে নিতে সময় চলে গেছে। আজ সহজে ইয়েমেনকে ছেড়ে দেবে না। এই ম্যাচ দেখে বাংলাদেশের কোচও পরিকল্পনা করবেন। তবে স্কোরিং ভাবাচ্ছে দলকে। সিঙ্গাপুরের বিপক্ষে সবাই করতে চেয়েছিলেন বলেই নাকি গোল পায়নি বাংলাদেশ। কর্মকর্তারা মনে করছেন সেলফিস গেম খেলেছে। এটা বারণ করা হবে।